রাস্তায় অসভ্যতা, তরুণীর জুতোপেটা খেয়ে হাজতে গেল অভিযুক্ত

শুক্রবার রাত দশটা নাগাদ হাওড়ার দাশনগর স্টেশন থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন তিরিশ বছরের এক যুবতী। অভিযোগ, সানপুর মোড়ের কাছে এক মদ্যপ ব্যক্তি পিছু নেয়। প্রথমে অশ্লীল ভাষায় গান গাইতে থাকে ওই ব্যক্তি। তার পর গায়ে হাত দেয়। তখনই ওই তরুণী কলার চেপে ধরে। পা থেকে হিলতোলা জুতো খুলে পরপর আঘাত করতে থাকেন ওই মাতালের মুখে। পেটাতে পেটাতে ইছাপুর মোড় পর্যন্ত নিয়ে যায়। জুতোর আঘাতে মুখ ফেটে রক্ত ঝরতে থাকে তার। সেখানে পুলিশের পাহারাদার ভ্যান ধরে ফেলে ওই ব্যক্তিকে। শ্লীলতাহানির অভিযোগ জানিয়ে ওই যুবতী এফআইআর করেছেন।
পুলিশ জানায়, ওই যুবতী আন্দুলের একটি বিউটি পার্লারে কাজ করেন। শুক্রবার স্টেশনে নেমে অটো পাননি। তাই হেঁটে ফিরছিলেন। তখনই মদ্যপ লোকটির পাল্লায় পড়েন। ধৃত ব্যক্তির নাম সুব্রত চন্দ। যুবতীর সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন হাওড়ার পুলিশ কমিশনার অজয় রাণাডে।












Click it and Unblock the Notifications