নেশার টাকা না পেয়ে বাবাকে শিলনোড়া দিয়ে থেঁতলে খুন
নেশার টাকা না পেয়ে বাবাকে শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করল মদ্যপ ছেলে। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছত্রপুরে।
উত্তর দিনাজপুর, ২৫ নভেম্বর : নেশার টাকা না পেয়ে বাবাকে শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করল মদ্যপ ছেলে। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছত্রপুরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুরেন্দ্রনাথ দাস (৫৬)। অভিযুক্ত কাঞ্চন দাস ঘটনার পর থেকেই পলাতক।
রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে একটি চায়ের দোকান চালাতেন সুরেনবাবু। বৃহস্পতিবার রাতে দোকানের কাজকর্ম শেষ করে তিনি বাড়ি ফিরতেই বাবার কাছে নেশার টাকা চাইতে যায় ছেলে কাঞ্চন। সুরেনবাবু নেশার জন্য তাকে টাকা দিতে চাননি। বাবার কাছে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে সে। শিলনোড়া নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাবার উপর। সুরেনবাবুর মাথা শিলনোড়া দিয়ে থেঁতলে দেয় কাঞ্চন। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন সুরেনবাবু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রায়গঞ্জ থানার পুলিশ সুরেনবাবুর দেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে। ছোটো ছেলে দেবাশিসের অভিযোগ, প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে ঝামেলা করত দাদা। বাবাকে মারধরও করত। রায়গঞ্জের একটি কাপড়ের দোকানে কাজ ছেড়ে দিয়ে এখন পুরোপুরি বেকার। আজও বাড়ি ফিরে বাবার কাছে মদ খাওয়ার টাকা চেয়েছিল। টাকা না পেয়ে বাবাকে মেরেই ফেলল দাদা।
পুলিশ জানিয়েছে, মৃতদেহর পাশ থেকে একটি রক্তমাখা শিলনোড়া উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications