বিদ্যুতের খরচ কমেছে গঙ্গাসাগর মেলার, দাবি শোভনদেবের
বিদ্যুতের খরচ কমেছে গঙ্গাসাগর মেলার, দাবি শোভনদেবের
এবছর পরিষেবা বাড়লেও বিদ্যুতের খরচ কমেছে গঙ্গাসাগর মেলার। মঙ্গলবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এসে তথ্য দিয়ে একথা জানান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

বিদ্যুৎ দফতরের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করে শোভনদেব জানান, 'সাগর, নামখানা ও কাকদ্বীপ মিলিয়ে মোট ৯৩টি লোকেশনে বিদ্যুৎ পরিষেবা মিলবে। এবছর বাজেট ৬ কোটি ৭ লক্ষ টাকা। গত বছরের থেকে কিছুটা কমেছে। তবে পরিষেবা বাড়ানো হয়েছে। জরুরি প্রয়োজনের জন্য ১২৬টি বড় জেনারেটর রাখা হচ্ছে। মেলার চাহিদার থেকে বেশি বিদ্যুৎ জোগান থাকবে।'
মঙ্গলবার মেলার প্রস্তুতি ঘুরে দেখে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আরও জানান, মেলার বিদ্যুতের কাজও সম্পূর্ণ হয়ে গিয়েছে। মেলার মাঠ ছাড়াও কাকদ্বীপ, নামখানাতেও পরিষেবা মিলবে।
এদিন বিদ্যুৎ দফতরের আধিকারিক, স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা, কাকদ্বীপের মহকুমা শাসক, সাগরের বিডিওদের সঙ্গে সর্বশেষ প্রস্তুতি নিয়ে খোঁজখবর নেন। পরে মন্দিরে পুজো দিয়ে সাধুদের সঙ্গেও কথা বলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি প্রস্তুতি দেখতে এসছেন বলে জানান শোভনদেব বাবু।
করোনা পরিস্থিতিতে জেলা প্রশাসন মেলার প্রস্তুতি শুরু করেছিল একটু ধীর গতিতে। কিন্তু পরবর্তী সময়ে প্রশাসনিক তৎপরপতায় গতি পেয়েছে মেলার প্রস্তুতি। গত কয়েক বছর ধরে মেলার শেষ প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চলে আসেন। কিন্তু এবছর তিনি আসবেন কি না এখনও অনিশ্চিত।
এদিন মন্ত্রী শোভনদেব জানান, 'শেষ ক্যাবিনেট বৈঠকে মেলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেইমতো মুখ্যমন্ত্রী কিছু নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মাফিক সব ঘুরে দেখলাম। এবছর মুখ্যমন্ত্রী আসবেন না কি না তা এখনও জানা নেই। তবে প্রতিটি দফতরের কাজ সমন্বয়ের মাধ্যমে এগিয়ে চলছে।'












Click it and Unblock the Notifications