চুঁচুড়ায় শ্যুটআউট! রাতের অন্ধকারে নিহত কুখ্যাত দুষ্কৃতী হাতকাটা মুন্না
চুঁচুড়ায় একের পর এক ঘটনায় বহুবার নাম উঠে এসেছে কুখ্যাত দুষ্কৃতী হাতকাটা মুন্নার। শনিবার রাত সাড়ে দশটায় এলাকার বড়বাজারে আজাদ হিন্দ ক্লাবের সামনে দুই কুখ্যাত গ্যাং এর গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এলাকার ত্রাস মুন্নার।

মুন্নার মৃত্যু ঘিরে অবশ্য উঠে আসছে রাজনৈতিক দ্বন্দ্বের তত্ত্বও। একটি বড় অংশের ধারণা গোটা খুনের ঘটনাই বিজেপি বনাম তৃণমূলের বিবাদের জেরে ঘটানো হয়েছে। বিষয়টি নিয়ে যদিও রয়েছে বিস্তর বিতর্ক। এদিকে, স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে আজাদ হিন্দ ক্লাবের সামনে বেশ কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছিল। তাদের মধ্যে বিবাদ, ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যায়। তারপরেই চলতে শুরু করে গুলি। আর সেই গুলিতে গুরুতর জখম হয়ে যায় মুন্না।
তড়িঘড়ি মুন্নাকে স্থানীয় ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা জানিয়ে দেন মুন্না মৃত। এদিকে, গ্যাংওয়ারের খবর পেয়ে ঘটনাস্তলে যায় পুলিশ। উদ্ধার করা হয়েছে ২ টি কার্তুজের খোল। প্রসঙ্গত, ক্লাব দখল ঘিরেই গোটা ঘটনার সূত্রপাত। জানা গিয়েছে, শনিবার রাতে বিজেপির তরফে আজাদহিন্দ ক্লাব দখল করতে আসে কয়েকজন। আর তাদের আটকাতে যায় তৃণমূলের কয়েকজন। এরমধ্যে চলে আসে হাতকাটা মুন্না। যে বহুদিন ধরে এলাকার বাইরে ছিল। নির্বাচন মিটতেই সে ফিরে এসে চুঁচুড়া এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল বলে খবর। এরপরই এই গ্যাংওয়ারের গুলিতে নিহত হয় মুন্না।












Click it and Unblock the Notifications