বালি ঘাটের দখলকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে মৃত ৪, ব্যাপক বোমাবাজি, বাড়ি ভাঙচুর
বালি ঘাটের দখলকে কেন্দ্র করে দফায় দফায় গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হল চারজনের। জখম হয়েছেন অনেকেই। শাসকদলের মদতেই দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। ব্যাপক বোমাবাজি হয়। ভাঙচুর চলে বাড়িতে বাড়িতে।
বীরভূম, ২১ এপ্রিল : বালি ঘাটের দখলকে কেন্দ্র করে দফায় দফায় গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হল চারজনের। জখম হয়েছেন অনেকেই। শুক্রবার সকাল থেকে বীরভূমের লাভপুরে দফায় দফায় সংঘর্ষের জেরে এই ঘটনা ঘটে। শাসকদলের মদতেই দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। ব্যাপক বোমাবাজি চলে। ভাঙচুর হয় বাড়িতে বাড়িতে। গুলি চালানো হয় বলে অভিযোগ। পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। র্যাফ, কমব্যাট ফোর্স নামানো হয়েছে। আতঙ্ক লাভপুর জুড়ে।

দুই গ্রামের মধ্যবর্তী একটি বালিঘাট রয়েছে। সেই বালি ঘাটের দখলক কাদের হাতে থাকবে তা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত। এই বালিঘাট নিয়ে প্রায়শই একাধিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। আবার পুলিশি হস্তক্ষেপে তা মিটেও যায়। এবার বালিঘাটের দখল নিয়ে ব্যাপক আকার ধারণ করে সংঘর্ষ। গ্রামবাসীদের অভিযোগ, এর মধ্যে রয়েছে শাসকদলের হাত। এটা যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ তা মানতে নারাজ অনুব্রত মণ্ডল। তিনি জানান এর মধ্যে রয়েছে সিপিএমএর হাত। বিজেপি-র উসকানিও রয়েছে এর মধ্যে।
লাভপুর ও দুবরাজপুরে এই গোষ্ঠাকোন্দল জোরদার রূপ নেয় সকাল থেকেই। বৃহস্পতিবার রাতেও দফায় দফায় বোমাবাজি হয়। শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বোমাবর্ষণ হতে থাকে। বোমাবাজির ঘটনাতেই গুরুতর জখম হন অনেকে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চারজনকে মৃত বলে ঘোষমা করা হয়েছে। গোটা গ্রামে বিরাজ করছে আতঙ্ক। দুপুরের পর পুলিশ, কমব্যাট ফোর্স ও র্যাফের টহলদারি শুরু হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় বসানো হচ্ছে পুলিশ পিকেট।












Click it and Unblock the Notifications