চার শতাংশ ডিএ প্রত্যাখ্যান যৌথ মঞ্চের, আন্দোলন চলবে কর্মসূচি মেনেই
বড়দিনের আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চার শতাংশ ডিএ বাড়ানো হল রাজ্য সরকারি কর্মীদের। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ এই ঘোষণায় মোটেও খুশি নয়। তারা জানিয়ে দিয়েছে, এই ডিএ তারা গ্রহণ করবে না। যেমন আন্দোলন চলছিল, তেমনভাবেই চলবে।
বৃহস্পতিবার বিকেলে বড়দিনের উৎসবের মঞ্চে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীদের একটা অংশ ডিএ বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। এর আগে সামান্য শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছিল। কিন্তু তাই নিয়েও শুরু হয়েছিল বিতর্ক। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ডিএ বাড়ালেন।

রাজ্য সরকারি কর্মীদের জন্য চার শতাংশ ডিএ বাড়ানো হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে এই ডিএ বাধ্যতামূলক। কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে এটি ঐচ্ছিক। যদিও কোনওভাবেই সেই কথা মানতে চান না আন্দোলনকারীরা।
যৌথমঞ্চের তরফ থেকে জানানো হয়েছে, এই বর্ধিত ডিএ আসলে ভিক্ষা। মুখ্যমন্ত্রী নিজের ইচ্ছেমতো ডিএ বাড়ান। রাজ্য সরকারের ডিএ মোটেও ঐচ্ছিক নয়। এখনও বিপুল পরিমাণে ডিএ পাওনা আছে৷ কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে। এই দাবিতেই আন্দোলন চলছে।
এই চার শতাংশ ডিএ মোটেও গ্রহণ করতে রাজি নন সংগ্রামী যৌথমঞ্চের আন্দোলনকারীরা। তারা এই ডিএ নেবেন না বলে সঙ্গে সঙ্গেই জানিয়ে দিয়েছেন। সুপ্রিম কোর্টে মামলা চলছে রাজ্যের ডিএ মামলার। শুনানি রয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে। সুপ্রিম কোর্টেই এই পাওনা ডিএর ব্যাপারে সিদ্ধান্ত হবে। এমনই জানিয়েছেন, যৌথমঞ্চের আন্দোলনকারীরা।
তাঁদের আন্দোলন চলবে আগের মতোই। আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর নবান্ন বাসস্ট্যান্ডে ধর্না কর্মসূচি চালানো হবে। আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এই অনুমতি দিয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থা আন্দোলনকারীদের পক্ষেই রায় দিয়েছেন। তবে ৩০০ জনের বেশি ওই ধরনা মঞ্চে উপস্থিত থাকতে পারবেন না। এমনও নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications