ফের দু’নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, দু’টি লরির মাঝে পিষ্ট মারুতি, মৃত একই পরিবারের ৪
ফের দু’নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। দু’টি লরির মাঝে পড়ে পিষ্ট হয়ে গেল মারুতি। চালক-সহ মারুতির চারজন যাত্রীর মৃত্যু হয় ঘটনাস্থলে। পুরুলিয়ায় বিয়েবাড়ি থেকে ফিরছিল ওই পরিবার।
বর্ধমান, ২৯ এপ্রিল : ফের দু'নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। দু'টি লরির মাঝে পড়ে পিষ্ট হয়ে গেল মারুতি। চালক-সহ মারুতির চারজন যাত্রীর মৃত্যু হয় ঘটনাস্থলে। পুরুলিয়ায় বিয়েবাড়ি থেকে ফিরছিল ওই পরিবার। শনিবার ভোররাতে বর্ধমানের অন্ডালে দু'নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। দুমড়ে-মুচড়ে যায় মারুতিটি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারুতিতে আটকে পড়া দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, পুরুলিয়ায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিল ওই পরিবার। রাতের জাতীয় সড়কে বেপরোয়া গতিতে ছুটছিল মারুতিটি। সেইসময় দু'টি লরির মাঝে মারুতিটি নিয়ে চলে যায় চালক। এই অবস্থা থেকে বের হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রড বোঝাই একটি লরির পিছনে ধাক্কা মারে মারুতিটি। অপর লরিটি পিষে দেয় মারুতিটিকে।

মারুতির ভিতরে যাত্রীরাও পিষ্ট হয়ে যায়। পুরো মারুতিটিই দুমড়ে মুচড়ে গিয়েছে। এই দুর্ঘটনার পর দু'নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করে। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি সরিয়ে একাংশ দিয়ে যান চলাচল শুরু করা হয়।
এদিকে তারাতলায় অপর একটি দুর্ঘটনায় শিশুর মৃত্যু হয়েছে ট্যাঙ্কারে পিষ্ট হয়ে। বাবার বাইকে করে ফিরছিল তুহিনা। মাথায় হেলমেট ছিল না। ট্যাঙ্কারের ধাক্কায় ছিটকে পড়ে বাইকটি। জখম হন বাবা। মেয়ের মৃত্যু হয় ঘটনাস্থলে।












Click it and Unblock the Notifications