পদ্মভূষণ নেবেন না বুদ্ধদেব ভট্টাচার্য, ‘অগ্রজে’র পথে হেঁটেই সম্মান ফেরানোর সিদ্ধান্ত
বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্ত সেই সম্মাম গ্রহণ করছেন না তিনি।
বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্ত সেই সম্মাম গ্রহণ করছেন না তিনি। সামাজিক ক্ষেত্রে তাঁর অবদানের জন্য তাঁকে ভারত সরকারের অন্যতম সেরা পদ্মভূষণ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৭৩তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে। তা প্রত্যাখ্যান করে অগ্রজের পথেই হাঁটলেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করে কেন্দ্র। সেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম পদ্মভূষণের তালিকায় শোভা পায়। কিন্তু তারপরই প্রশ্ন ওঠে বিজেপি সরকারের দেওয়া পদ্মসম্মান তিনি কি নেবেন? বাংলার শেষ কমিউনিস্ট মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সিদ্ধান্ত জানার অপেক্ষায় ছিল বাংলার রাজনৈতিক মহলও। শেষমেশ তিনি প্রত্যাখ্যান করলেন পদ্মভূষণ সম্মান।
বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার সূত্রে জানিয়ে দেওয়া হয় মোদী সরকারে দেওয়া পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করছেন তিনি। এ ব্যাপারে তিনি জ্যোতি বসুর দেখানো পথেই হাঁটলেন। এর আগে ২০০৮ সালে জ্যোতি বসুকে ভারত রত্ন প্রদানের প্রস্তাব করা হয়েছিল। তখন জ্যোতি বসু জানিয়ে দিয়েছিলেন, তাঁকে ভারত রত্ন দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করবেন।
এবার বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ সম্মান প্রদান করার কথা জানানো হলেও, তিনি তা প্রত্যাখ্যান করলেন। সারা জীবন বিজেপি নামক বিপদ থেকে বারবার রাজ্যকে সাবধান করে এসেছেন তিনি। তাই তিনি চান না বিজেপি সরকারের দেওয়া কোনও সম্মান গ্রহণ করতে। বুদ্ধদেববাবু নিজেই জল্পনার অবসান ঘটালেন পদ্ম-পুরস্কার ফিরিয়ে দিয়ে।
মঙ্গলবার রাতেই বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয়, বুদ্ধদেববাবু পদ্মভূষণ নিচ্ছেন না। এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে ফোন করে পদ্মভূষণ সম্মান প্রদানের কথা জানানো হয়েছিল। তখন সম্মতি দেওয়া হয়েছিল পরিবারের তরফে। তবে বুদ্ধদেববাবু তখন বিষয়টি জানতেন না। পরে তিনি সম্যক ব্যাপারটি জানানোর পরই পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেওয়া হয়।
বুদ্ধদেববাবুর পরিবারের তরফে জানানো হয়েছে, এদিনই বুদ্ধদেববাবু বিবৃতি দিয়ে জানাবেন তাঁর পদ্মভূষণ সম্মান ফিরিয়ে দেওয়ার বিষয়টি। তিনি এ ব্যাপারে তাঁর রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলবেন। পদ্মভূষণ সম্মান প্রদানের খবর ছড়িয়ে পড়ার পর বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কী করেন, তা নিয়ে উৎসুক ছিল ওয়াকিবহাল মহল। এ প্রসঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য জানান, পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলা হয়নি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।












Click it and Unblock the Notifications