বনিবনা নেই বিধায়কের সঙ্গে! হাটে হাঁড়ি ভেঙে বিজেপিতে যোগ প্রাক্তন তৃণমূল সভাপতির
বিধায়কের সঙ্গে দীর্ঘদিন ধরে বনিবনা নেই প্রাক্তন ব্লক সভাপতির। একই দলে থেকেও অহি-নকুল সম্পর্ক ছিল দুজনের। পঞ্চায়েতের আগেও সেই সম্পর্কের বরফ গলেনি।
বিধায়কের সঙ্গে দীর্ঘদিন ধরে বনিবনা নেই প্রাক্তন ব্লক সভাপতির। একই দলে থেকেও অহি-নকুল সম্পর্ক ছিল দুজনের। পঞ্চায়েতের আগেও সেই সম্পর্কের বরফ গলেনি। সেই কারণে ব্লক সভাপতিকে আড়ালে রেখেই পার্টির কাজ শুরু হয়েছিল আসন্ন পঞ্চায়েত-যুদ্ধে। অবশেষে দলে ব্রাত্য ব্লক সভাপতি ঝটকাটা দিলেন। একেবারে পঞ্চায়েতের মুখে দলবল নিয়ে তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে।
শুক্রবার নদিয়ার তেহট্ট ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিশ্বনাথ ঘোষ বিজেপি অফিসে গিয়ে যোগদান করেন গেরুয়া শিবিরে। এই যোগদানে পঞ্চায়েতের আগে নদিয়ায় বাড়ল বিজেপির শক্তি। একটু হলেও হ্রাস হল তৃণমূলের ক্ষমতা। বিজেপি শিবির এই যোগ-বিয়োগের অঙ্ক স্বভাবতই উচ্ছ্বসিত।

বিজেপিতে যোগ দিয়ে বিশ্বনাথ ঘোষ বলেন, ঝামলা মিটিয়ে দিতে দলের শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছিলাম। শীর্ষ নেতৃত্ব কথাও দিয়েছিল, কিন্তু আদতে কোনও কাজ হয়নি। দলে তাঁকে একঘরে করে রাখা হয়েছিল। তাই বাধ্য হয়েই বিজেপিতে যোগ দিলাম। এই পঞ্চায়েতে তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়াই তাঁর লক্ষ বলে জানিয়েছেন তিনি।
নদিয়ার তেহট্ট ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিশ্বনাথ ঘোষের বিজেপিতে যোগদানে তৃণমূল হাঁফ ছেড়ে বাঁচল বলে ব্যাখ্যা বিধায়ক তাপস সাহার। তিনি বলেন, 'বিশ্বনাথবাবুর দলত্যাগে বাঁচল তৃণমূল। উনি দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গ যোগাযোগ রেখে চলছিলেন। দলের সমস্ত খবর বিজেপিতে সরবরাহ করছিলেন। এই অভিযোগ যে নেহাতেই অভিযোগ নয়, সত্যিই তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলতেন, তা পরিষ্কার হয়ে গেল এদিন।'












Click it and Unblock the Notifications