প্রয়াত সহজিয়া সুফি সম্প্রদায়ের প্রবাদপ্রতিম শিল্পী কালাচাঁদ দরবেশ
চলে গেলেন সহজিয়া সুফি সম্প্রদায়ের প্রবাদপ্রতিম শিল্পী কালাচাঁদ দরবেশ। তাঁর মৃত্যুর সঙ্গেই শেষ হয়ে গেল দরবেশি গানের কয়েকশো বছরের পরম্পরা।
চলে গেলেন সহজিয়া সুফি সম্প্রদায়ের প্রবাদপ্রতিম শিল্পী কালাচাঁদ দরবেশ। তাঁর মৃত্যুর সঙ্গেই শেষ হয়ে গেল দরবেশি গানের কয়েকশো বছরের পরম্পরা।

১৯৬৪ সালে পূর্ববঙ্গ থেকে চলে আসেন কালাচাঁদ। জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ থেকে স্নাতক হওয়ার পর ধূপগুড়ির স্কুলে শিক্ষকতার শুরু করেন। একসময়ে ধূপগুড়ির একটি স্কুলের প্রধানশিক্ষক ছিলেন কালাচাঁদ। ৪০ বছর বয়সে দরবেশি ধারার গানে প্রবেশ করেন তিনি। বাবার কথায় নতুন পথ বেছে নেন।
দরবেশি গান চৈতন্য পরবর্তী ভক্তি আন্দোলনের সময়ে জন্ম নেওয়া হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের যৌথ সাধনাধারা। ১৯৮৯ সালে তিনি কাজ করেছেন পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে। লন্ডনে অনুষ্ঠিত ভারত মেলায় ১৯৯০ সালে তাঁর গানে সঙ্গত করেন ওস্তাদ জাকির হোসেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে কালাচাঁদ দরবেশকে নজরুল সম্মান দেয়।
রবিবার সকাল ৬ টা ৪৫-এ ধূপগুড়ির গোবিন্দ পল্লির নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মূলত বার্ধক্যজনিত কারণেই মৃত্যু বলে জানা গিয়েছে। তবে, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট ও কিডনির রোগে ভুগছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, শনিবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ধূপগুড়ি হাসপাতাল হয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে তাঁকে বাড়িতেই ফিরিয়ে আনা হয়। সেখানেই মারা যান তিনি।












Click it and Unblock the Notifications