শীতের বদলে কুয়াশার আধিপত্য! দক্ষিণবঙ্গে পারদ নামলেও ফিরছে না শীত, জেনে নিন আবহাওয়ার আপডেট
জানুয়ারির শেষপ্রান্তে দাঁড়িয়েও শীতের আমেজ কার্যত উধাও দক্ষিণবঙ্গে। ভোর ও সন্ধ্যায় সামান্য ঠান্ডার ছোঁয়া থাকলেও দিনের আলো বাড়তেই উষ্ণতার দাপট স্পষ্ট হয়ে উঠছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সরস্বতী পুজোর আগেই যে হালকা উষ্ণতার ইঙ্গিত দেওয়া হয়েছিল, বাস্তবে সেটাই এখন রাজ্যজুড়ে অনুভূত হচ্ছে। আপাতত ঠান্ডার জোরালো প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাায়াবিদরা।
ডিসেম্বর মাসে শীতের দাপট ছিল চোখে পড়ার মতো। কনকনে ঠান্ডায় কাঁপতে দেখা গিয়েছিল গোটা রাজ্যকেই। কিন্তু জানুয়ারি শুরু হতেই আবহাওয়ার হঠাৎ এই রদবদলে অনেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। বিশেষজ্ঞদের মতে, এর নেপথ্যে রয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝার প্রভাবেই শীত কার্যত বিদায় নিয়েছে ও তার জায়গা নিয়েছে কুয়াশা।

দক্ষিণবঙ্গে এখন ভোর ও সন্ধ্যায় হালকা শীত অনুভূত হলেও বেলা গড়াতেই তাপমাত্রা দ্রুত বাড়ছে। শুষ্ক আবহাওয়ার প্রভাবও ক্রমশ স্পষ্ট হচ্ছে। অন্যদিকে, উত্তরবঙ্গে এখনও বড় কোনও তাপমাত্রা পরিবর্তনের ইঙ্গিত নেই।
আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ফেব্রুয়ারির শুরুতে অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানানো হয়েছে। আগামী পাঁচ থেকে সাত দিন তাপমাত্রায় সামান্য ওঠানামা হলেও তা দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা কুয়াশার সম্ভাবনাও রয়েছে।
উত্তরবঙ্গে অবশ্য শীতের রেশ এখনই কাটছে না। রবিবার দার্জিলিং পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করবে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।
সব মিলিয়ে মোটর উপর, আপাতত শীতের বদলে কুয়াশাই রাজ্যের আবহাওয়ার মূল চরিত্র, দক্ষিণে উষ্ণতার ছোঁয়া, উত্তরে শীতের দাপট।












Click it and Unblock the Notifications