পূর্ব মেদিনীপুরে বন্যা পরিস্থিতি জটিল, খোলা হল ১০০ ত্রাণশিবির

গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হয়ে চলেছে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে। এর জেরে কাঁথি ও এগরা মহকুমার অবস্থা খারাপ হয়ে পড়েছে। রাস্তাঘাট জলের তলায়। মাছের ভেড়ি, পুকুর, ধানজমি সবই চলে গিয়েছে জলের নীচে। গ্রামের পর গ্রাম ভেসে যাওয়ায় মানুষকে আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে। সেখানে চিঁড়ে, মুড়ি, গুড়, বিস্কুট ইত্যাদি শুকনো খাবার বিলি করা হচ্ছে। কাঁথি মহকুমার প্লাবিত এলাকা ঘুরে দেখেছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য।
খেজুরি ১ ও ২, রামনগর ১ ও ২, এগরা শহর, বালিঘাই, পটাশপুর ইত্যাদি এলাকার অবস্থা সবচেয়ে করুণ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকার খালগুলি ২০০৫ সালের বন্যার পর সংস্কার করা হয়েছিল। তার পর মজে গিয়েছে। ফলে নদী থেকে জোয়ারের জল ঢুকলে তা ফুলেফেঁপে উঠছে এবং গ্রামে হু-হু করে জল ঢুকছে। দুর্গত মানুষদের সাহায্যার্থে প্লাবিত এলাকায় নৌকো চালানো শুরু করেছে প্রশাসন।












Click it and Unblock the Notifications