উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত তমলুকের পাঁচজন
উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত তমলুকের পাঁচজন
উত্তরপ্রদেশের এটাওয়াতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলার তমলুকের এক দম্পতি সহ পাঁচ জনের। তমলুকের ওই দম্পতি ছাড়াও এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাদের মেয়ে ও জামাইয়ের। যে গাড়িতে তারা ফিরছিলেন সেই গাড়ির চালকেরও ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে এই মৃত্যুর সংবাদ এসে পৌঁছানোর পর তমলুকে পুলিশ ওই চারজনের মৃতদেহ নিয়ে আসার উদ্যোগ নিয়েছে।

তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস জানিয়েছেন যে উত্তর প্রদেশের পুলিশ তাদের জানিয়েছে যে এটাওয়া এলাকায় জাতীয় সড়কে র ওপর এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। তাদের মধ্যে তমলুকের এক দম্পতি ও তাদের মেয়ে ও জামাইও আছে।
জানা গিয়েছে যে মৃতরা হলেন শ্রীকান্ত মাইতি (৫১), তার স্ত্রী কবিতা মাইতি (৪৬) , মেয়ে অনন্যা মাইতি বিশ্বাস (২৬) ও জামাই অভিজিৎ বিশ্বাস (৩০)। পূর্ব মেদিনীপুরের ব্যবত্তাহাট এলাকার বাসিন্দা শ্রীকান্ত মাইতি জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মী। তার মেয়ের বিয়ে হয় অভিজিত্ বিশ্বাসের সাথে। কম্পিউটার ইঞ্জিনিয়ার অভিজিৎ দিল্লিতে একটি বেসরকারি সংস্থার কর্মী। গত বছর মেয়ের বিয়ে হয়। তারা দিল্লিতেই থাকে।
এই বছর দোলের আগে মেয়ের কাছে গিয়েছিলেন শ্রীকান্ত মাইতি ও তার স্ত্রী। মেয়ের বাড়ি থেকে তারা আগ্রা, লক্ষ্নৌ এই সব জায়গা ঘুরে বুধবার রাতে দিল্লি ফিরছিলেন। এটাওয়ার কাছে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় তাদের গাড়ির। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে শ্রীকান্ত, তার স্ত্রী ও জামাইয়ের। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয়েছে তার মেয়ে ও গাড়ি চালকের।
এই দিন সকালে এই মৃত্যু সংবাদ এসে পৌঁছানোর পর শোকের ছায়া তমলুকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মী দের মধ্যে। এইখানেই সরকারি আবাসনে থাকতেন শ্রীকান্ত মাইতি ও তার স্ত্রী।












Click it and Unblock the Notifications