এবার ভিনরাজ্যে মৎস্য নিগমের আউটলেট, মিলবে ইলিশ থেকে তেল কই
বেশ কয়েকটি রাজ্যে রেস্তোঁরা খুলতে চলেছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম, হাতের কাছেই এবার মাছের নানা রকমারি পদ পাবেন ভিন রাজ্যের বাঙালিরা ।
মাছ ছাড়া বাঙালি হয় না। আর ভিনরাজ্যের বাঙালিদের কাছে বাংলার মাছের তুলনা নেই। কারণ বাংলার মত মাছের এত রকমারি ভিন্নরাজ্যে পাওয়া যায় না। কিন্তু এবার আর প্রবাসী বাঙালিদের হা- হুতাশ করার দিন শেষ। কারণ এবার মাছের রকমারি পদ পাওয়া যাবে ভিনরাজ্যেও, তাও আবার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। পুজোর পরই বেশ কয়েকটি রাজ্যে রেস্তোঁরা খুলতে চলেছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম।

রাজ্য মৎস্য নিগম সূত্রে খবর, প্রাথমিকভাবে বেঙ্গালুরু, রাঁচি, নয়ডা, চণ্ডীগড়ে এই আউটলেট খোলা হবে। এরপর ধাপে ধাপে সব রাজ্যেই মৎস্য উন্নয়ন নিগমের আউটলেট খোলা হবে বলে জানা গিয়েছে। বেঙ্গালুরুতে একটি ফুড ফেস্টিভ্যালে মৎস্য উন্নয়ন নিগমের স্টল জনপ্রিয় হওয়ার পর পুজোতেও স্টল খোলা হবে বলে জানা গিয়েছে।

বিশ্ব বাংলাকে ব্র্যান্ড করতে অনেকদিন ধরেই উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৎস্য উন্নয়ন নিগম ভিনরাজ্যে আউটলেট খোলার পর এবার বাংলার রান্নাকেও ব্র্যান্ড করে তুলতে চাইছে রাজ্য সরকার। রাজ্যের এই উদ্যোগে এগিয়ে এসেছে বড় শহরগুলি বাঙালি অ্যাসোসিয়েশনও। ফলে ভাপা ইলিশ, পাবদার ঝাল, চিতল মাছের মুইঠ্যা বা চিংড়ির মালাইকারি না পাওয়ার জন্য আর দীর্ঘশ্বাস ফেলতে হবে না ভিনরাজ্য়ের বাঙালিদের ।












Click it and Unblock the Notifications