ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলার পুলিশের 'এনকাউন্টার', খতম সাজ্জাক আলম! কীভাবে ঘটল টানটান এই অপারেশন?
Firing at Cops in North Dinajpur: গোয়ালপোখর-কাণ্ডে বড় সাফল্য রাজ্য পুলিশের! পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সাজ্জাক আলম নিহত। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পালানোর ছক কষেছিল সাজ্জাক। আজ শনিবার সকালে চোপড়া সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল। সেই সময় পুলিশ গুলি চালায় বলে জানা যাচ্ছে। আর তাতেই সাজ্জাক আলমের মৃত্যু হয় বলে খবর।
আর এরপরেই 'এনকাউন্টার' তত্ত্ব উঠে আসছে। যদিও এই বিষয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে জানা যাচ্ছে, সাজ্জাকের শরীরে তিনটি গুলি লাগে। তাঁর বাঁ কাঁধে, পিঠে এবং পায়ে গুলি লাগে বলে জানা যায়। এরপরেই সে মাটিতে পড়ে যায়। কার্যত আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে সাজ্জাককে নিয়ে আসা হয়।

কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যা খবর, ঘটনার পরেই জেলা পুলিশ প্রশাসনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, একটি খুনের মামলার আসামী ছিল সাজ্জাক। গত বুধবার আদালতে নিয়ে যাওয়া হয় তাকে। তোলা হয় উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে আদালতে।
সেখান থেকে জেলে ফেরানোর সময় হঠাত করে পুলিশের গাড়ি থামে। আর অতর্কিতে সাজ্জাক গুলি চালাতে শুরু করে। ঘটনায় দুই পুলিশ আধিকারিক গুরুতর ভাবে আহত হন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় পুলিশ এবং প্রশাসনিকমহলে।
প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে। শুধু তাই নয়, সাজ্জাকের হাতে কে বা কারা বন্দুক দিল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনার পরের দিন উত্তরবঙ্গে ছুটে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। দেখা করেন গুলিতে আহত দুই পুলিশ কর্মীর সঙ্গে। এছাড়াও জেলার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও দীর্ঘ বৈঠক হয়। বৈঠক শেষে রাজীব কুমার বলেন, পুলিশ ফোর্সের উপরে কেউ একটা গুলি চালালে আমরা চারটে গুলি চালাব। আমরা সাধারণ মানুষকে নিরাপত্তা দিয়ে থাকি। ফলে কড়া ভাষায় জবাব দেওয়ার কথা বলেন শীর্ষ এই আধিকারিক।
শুধু তাই নয়, সাজ্জাককে ধরতে চূড়ান্ত সময়ও বেঁধে দিয়েছিলেন রাজীব কুমার। কিন্তু ঘটনার পর থেকেই সাজ্জাক আলমের খোঁজ পাওয়া যাচ্ছিল না। খুঁজে পাওয়াটা চ্যালেঞ্জের ছিল। এদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে চোপড়া সীমান্তে পৌঁছয় উত্তর দিনাজপুর জেলা পুলিশের একটি দল।
সেখান থেকে সাজ্জাককে গ্রেফতারের চেষ্টা করা হয়। হাতেনাতে ধরেও ফেলেন পুলিশ আধিকারিকরা। কিন্তু তাঁদের ছাড়িয়ে বাংলাদেশের দিকে চলে যাওয়ার চেষ্টা সাজ্জাক করে বলে অভিযোগ। আর সেই সময় পুলিশ গুলি করে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications