গুরুং ও তার স্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের মমতার পুলিশের, পাল্টা সিবিআই চাইল মোর্চা
দার্জিলিং-এর সিংমারিতে হিংসার ঘটনায় বিমল গুরুং ও তাঁর স্ত্রী আশা গুরুং-এর বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্রের মামলা। ঘটনায় প্রধান অভিযুক্ত বিমল গুরুং। ঘটনায় সিবিআই দাবি মোর্চার।
১৭ জুন সিংমারিতে হিংসার ঘটনায় বিমল গুরুং এবং স্ত্রী আশা গুরুং-এর বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্রের মামলা দায়ের করল প্রশাসন। ঘটনায় এখনও পর্যন্ত গা-ঢাকা দিয়ে থাকা বিমল গুরুংকেই প্রধান অভিযুক্ত করা হয়েছে। একাধিক মোর্চা নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে প্রশাসন। তবে গুলিতে একাধিক মোর্চা সমর্থকের মৃত্যু হলেও, মোর্চা নেতৃত্বের বিরুদ্ধেই কেন খুনের মামলা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পাহাড়ে এখনও চলছে অনির্দিষ্টকালের বনধ। বিমল গুরুংয়ের বাড়ি সংলগ্ন গোর্খা জনমুক্তি মোর্চার পার্টি অফিসে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধারের পর মোর্চা নেতা বিনয় তামাংয়ের বাড়িতে অভিযান চালানোর প্রতিবাদে গত শনিবার ১৭-ই জুন পাহাড়ে মিছিল করে মোর্চা সমর্থকরা। রণক্ষেত্র হয়ে ওঠে সিংমারি। একাধিক মোর্চা সমর্থকের মৃত্যু হয়।

পুলিশ মিছিলের পথ আটকাতেই ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করে মোর্চা সমর্থকরা।পুলিশ বাধা দিলে মোর্চা সমর্থকদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়ে যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। পুলিশের গুলিতেই ওই মৃত্যু বলে অভিযোগ করে মোর্চা। সংঘর্ষে মোর্চা সমর্থকদের মৃত্যু হলেও, নেতৃত্বের বিরুদ্ধে খুনের মামলা নিয়ে প্রশ্ন তুলেছেন মোর্চা নেতা বিনয় তামাং। ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে মোর্চা নেতৃত্ব।
শনিবার দলীয় সমর্থকদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছিল মোর্চা। এডিজি আইনশৃঙ্খলা জানিয়েছিলেন, পুলিশ গুলি চালায়নি।












Click it and Unblock the Notifications