অবশেষে সুখবর, দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা, বড় আপডেট দিল হাওয়া অফিস
শেষ পর্যন্ত আশার আলো দেখা গেল। হাঁসফাঁস গরম থেকে এবার মুক্তি। আর দিন কয়েক পরেই বর্ষা ঢুকে যাবে দক্ষিণবঙ্গে। চাতক পাখির মতো বৃষ্টির জন্য আর দিন কয়েকের অপেক্ষা। আলিপুর আবহাওয়া দফতর বড় আপডেট দিল আবহাওয়ার।
পরিস্থিতি অনুকূল হচ্ছে। দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে ঢুকবে বর্ষা। ১৮ থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। এমনই অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।

আজ শুক্রবার ভারতের মৌসম ভবন জানিয়েছে, আগামী চার পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলায় ছড়িয়ে পড়বে। উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা ঢুকে পড়বে। অর্থাৎ আগামী মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা।
উত্তরবঙ্গে অতিবৃষ্টিতে দুর্যোগে। আরও পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। আজ শুক্রবার অতিভারী বৃষ্টি আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কালিম্পং জেলায়। এই তিন জেলার কয়েক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা। দার্জিলিং, কোচবিহার জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে।
শনিবার পশ্চিমের পাঁচ জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ চলবে। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন। বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া।
রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকবে। বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। মঙ্গলবার, বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে।












Click it and Unblock the Notifications