বিয়েতে আপত্তি পরিবারের, গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী কিশোরী
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর বারোটা নাগাদ বালি স্টেশন থেকে নেমে একটি রিকশা নিয়ে দক্ষিণশ্বরের দিকে যাচ্ছিল ওই কিশোরী। ব্রিজের মাঝামাঝি এসে চোদ্দো বছর বয়সী মেয়েটি রিকশাওয়ালাকে রিকশা থামাতে বলে। সে বলেছিল, একটু গঙ্গার হাওয়া খেতে চায়। রিকশাওয়ালা সরল মনে রিকশা দাঁড় করাতে মেয়েটি কিছুটা পিছিয়ে যায়। তার পর হঠাৎ রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেয়। এই দৃশ্য দেখে হতভম্ব রিকশাচালক মেয়েটির ব্যাগ রিকশা থেকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে চম্পট দেয়।
এদিকে, এই ঘটনার পর ব্রিজে মানুষের জটলা শুরু হয়ে যায়। তখন ভাগ্নীকে খুঁজতে বালি স্টেশন থেকেই দক্ষিণেশ্বরের দিকে আসছিলেন দুই মামা। জটলা দেখে তাঁরা দাঁড়িয়ে যান। ব্যাগটি দেখে বুঝতে পারেন, এটা ভাগ্নীরই ব্যাগ। খবর পেয়ে পুলিশ আসে। যদিও কিশোরীর সন্ধান মেলেনি।
পরে জানা যায়, ওই কিশোরীর বাড়ির হুগলী জেলার চুঁচুড়ার হরিদ্রাডাঙ্গায়। সে নবম শ্রেণীতে পড়ত। ২৮ বছর বয়সী এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবকের নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। কিশোরীটি এখনই বিয়ে করার ব্যাপারে নাছোড়বান্দা হয়ে ওঠে। এ নিয়ে দুই বাড়িই আপত্তি তোলে। নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার ব্যাপারে কেউই রাজি ছিল না। এ নিয়ে ওই যুবকের সঙ্গে কিশোরীর মনোমালিন্য হয়। তার জেরে যুবকটি গত ২৭ মে বালি ব্রিজ থেকেই ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়। তার পর থেকে কিশোরীটি চুপচাপ হয়ে গিয়েছিল। কয়েকদিন আগে শেওড়াফুলিতে মামাবাড়ি বেড়াতে এসেছিল। গতকাল সকালে শেওড়াফুলি থেকে ট্রেন ধরে বালি স্টেশনে নামে। তার পরই এমন কাণ্ড ঘটায়! এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।













Click it and Unblock the Notifications