Howrah: আমতায় জাল ওষুধের বড় চক্রের হদিশ! গোডাউন খুলতেই চোখ কপালে তদন্তকারী আধিকারিকদের, ধৃত ১
Howrah: স্যালাইনকাণ্ডের রেশ কাটেনি। তারই মধ্যে এবার রাজ্যে জাল ওষুধ চক্রের (Fake Medicines Racket) হদিশ। নামী কোম্পানির ওষুধের কিউআর কোড হাতিয়ে জাল ওষুধে তা ছাপিয়েই রমরমিয়ে চলছিল ব্যবসা। হাওড়ার আমতা (Amta) থেকে জাল ওষুধ চক্রের পর্দাফাঁস করল ড্রাগ কন্ট্রোল দফতরের আধিকারিকরা। গ্রেফতার করা হয়েছে সংস্থার মালিককেও।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হাওড়ার আমতার মান্না এজেন্সি নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা দেয় ড্রাগ কন্ট্রোল দফতরের আধিকারিকরা। অভিযানে দেখা যায় গোডাউনে লক্ষ লক্ষ টাকার ওষুধ মজুত রয়েছে, কিন্তু তার গোটাটাই জাল। গোডাউনে যেতেই চোখ কপালে ওঠার জোগাড় হয় ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকদের।

আমতার গুদাম থেকে ১৭ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করেন ওই আধিকারিকরা। পাইকারি দরে বিহারের পাটনা থেকে গন্ডায় গন্ডায় জাল ওষুধ আনতেন ওই সংস্থার মালিক। জাল ওষুধে ঠাসা ছিল গোডাউন। ফলে সেখান থেকে রাজ্যের অন্যত্র জাল ওষুধ ছড়িয়ে পড়ত কি না তা নিয়ে ঘোর আশঙ্কা রয়েছে। সেদিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ধৃত সংস্থার মালিক বাবলু মান্নাকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে পেশ করা হয়। জানা গিয়েছে, সংশ্লিষ্ট এজেন্সির অফিসও সিল করে দেওয়া হয়েছে। তদন্তের জন্য বেশ কিছু নথিও সংগ্রহ করেছেন আধিকারিকরা। তাতে আরও বিস্ফোরক তথ্য জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। ১ কোটি ৮৬ লক্ষ টাকার জাল ওষুধ ওই সংস্থা বাজারে সরবরাহ করেছে বলে খবর।
সম্প্রতি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সরবরাহ করা রিঙ্গার ল্যাকটেট স্যালাইন নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় জোরালো হয়েছিল বিতর্ক। এর আগে খাস কলকাতায় জীবনদায়ী ওষুধের চক্রের পর্দাফাঁস হয়। প্রায় সাড়ে ৬ কোটি টাকার জাল ওষুধ উদ্ধার করা হয়েছিল সেবারে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার হাওড়া গ্রামীণ এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রায় কোটি টাকার গাঁজা। উদ্ধার হওয়া প্রায় ৭১১ কেজি গাঁজার বাজার মূল্য এক কোটি টাকারও বেশি। জানা গিয়েছে, বাউড়িয়া থানা এলাকার চককাশী এলাকার বাসিন্দা মাজেদ আলির বাড়িতে হানা দেয় নারকটিক্স বিভাগ। সঙ্গে ছিল উলুবেড়িয়া মহকুমা পুলিশ প্রশাসন। বাড়ির ভিতরে আন্ডারগ্রাউন্ডে বস্তাবন্দি প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার হয়। গ্রেফতার করাহয় যুবককে।












Click it and Unblock the Notifications