পুরীর হোটেল বুকিংয়ে জালিয়াতি! পুণে থেকে কলকাতার গ্রাহকদের ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা আদায়, অবশেষে গ্রেফতার যুবক
ভুয়ো হোটেল বুকিং ওয়েবসাইট খুলে অনলাইনে প্রতারণার বড় চক্রের হদিশ পেল পুলিশ। মহারাষ্ট্রে বসে কলকাতা সহ বিভিন্ন শহরের গ্রাহকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে যে, ধৃত ওই যুবকের নাম হুজাইফা সাবির দরবার। বয়স ৪১। তিনি হলেন পুণের বাসিন্দা। গতকাল গভীর রাতে তাঁর অফিসে হানা দিয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তল্লাশিতে একটি ল্যাপটপ, মোবাইল ফোন এবং একটি পেন ড্রাইভ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা জিনিসগুলি প্রতারণার কাজে ব্যবহার করা হতো বলে সন্দেহ।
ঘটনার সূত্রপাত হয়েছে গত বছরের মাঝামাঝি সময়ে। দক্ষিণ কলকাতার হরিদেবপুরের এক বাসিন্দা পুরীতে হোটেল বুক করার সময় প্রতারণার শিকার হন। অনলাইনে একটি হোটেল বুকিং সাইটে ঢুকে অগ্রিম টাকা দিয়েছিলেন তিনি। পরে বুকিং নিশ্চিত না হওয়ার কারণে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
পরে তদন্ত করে জানা যায় যে, ঠিক একই কায়দায় বিভিন্ন নামী হোটেলের ভুয়ো ওয়েবসাইট বানিয়ে কমপক্ষে ৩০ জন গ্রাহকের কাছ থেকে মোট প্রায় ১৩.৬ লক্ষ টাকা আদায় করা হয়েছে। মোবাইল নম্বর এবং ডিজিটাল লেনদেনের সূত্র ধরে অভিযুক্তের খোঁজ পেয়ে যায় পুলিশ। অবশেষে গতকাল রাতে পুণে থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications