মমতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজন্যাকে দিলেন বড় দায়িত্ব, ওয়ানইন্ডিয়াকে কর্মসূচি জানালেন লড়াকু TMCP নেত্রী
Rajanya Halder: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বড় দায়িত্ব দিলেন রাজন্যা হালদারকে। ২১ জুলাইয়ের শহিদ স্মরণ সমাবেশে জয়ী ব্যান্ডের সদস্যা রাজন্যার ক্ষুরধার বক্তৃতা নজর কেড়েছিল সকলের। তারপরই জনপ্রিয়তা বাড়তে থাকে এই ছাত্র-নেত্রীর।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় ডেপুটেশন জমা দিতে গিয়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এবার রাজন্যাকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী হিসেবে বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৮৪ সালে যাদবপুর লোকসভা আসনেই সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজন্যা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত বিগত ৬ বছর ধরে। ছাত্র সংসদ নির্বাচনে বাম দুর্গে নির্দল হিসেবে দাঁড়িয়ে সিআর হয়েছেন। তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের বিশ্বস্ত সৈনিক হিসেবে দায়িত্ব পালনের পর এবারই গুরুদায়িত্ব।
ইতিমধ্যেই তিনি দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার ও যাদবপুর তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি। তাঁকে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি সভাপতি করার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটের পর্যবেক্ষক সঞ্জীব প্রামাণিককে করা হয়েছে চেয়ারপার্সন। তৃণমূলের জনপ্রতিনিধিরা সর্বতোভাবে সহযোগিতা করবেন যাদবপুরে টিএমসিপির ইউনিটকে।

রাজন্যা ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেছেন, আমার কাছে চ্যালেঞ্জ, দায়িত্বের ঊর্ধ্বে প্রাথমিক গুরুত্বের বিষয়টি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস, হস্টেলে যা পরিস্থিতি চলছে তা প্রতিহত করা। র্যাগিংমুক্ত ক্যাম্পাস সুনিশ্চিত করা। অনেকে বলছে, সিসিটিভি লাগাতে দেবে না। আমি আজই গিয়ে প্রতীকি সিসিটিভি দিয়ে আসব। সোমবার অবধি সময় দেব।
সোমবারের মধ্যে কর্তৃপক্ষ সিসিটিভি লাগালে ভালো, নয়তো দলের সাহায্য নিয়ে রাজন্যাই বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানোর বন্দোবস্ত করবেন বলে জানিয়ে দিলেন। তাঁর কথায়, সোমবারের মধ্যে সিসিটিভি লাগানো হবে। তারপর দেখি, সিসিটিভি ভাঙা হলে বাকিটা বুঝে নেব। আর কোনও স্বপ্নদীপকে নিভে যেতে দেব না। দল, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছেন। ছাত্রস্বার্থে সব করতে রাজি।

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই কর্মসূচিতেও স্বপ্নদীপকে স্মরণ করবে দল। স্বপ্নদীপের পরিবারকে ন্যায়বিচার দিতে টিম যাদবপুরও প্রয়োজনীয় দায়িত্ব পালন করবে। স্বপ্নদীপের মতো রাজন্যার বিষয়ও বাংলা। রাজন্যার কথায়, টিএমসিপির প্রতিষ্ঠা দিবস ছাত্রদেরই জন্য। এবার আমাদের একটাই কথা, ছাত্র মেরে ছাত্র প্রেম চলবে না। স্বপ্নদীপকে হত্যা করা হয়েছে। তাঁকে কেন্দ্র করে বিশেষ কর্মসূচি থাকবে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন ইউনিটকে যেভাবে দলনেত্রীর নির্দেশে সাজানো হয়েছে তাতে অচিরেই তথাকথিত বাম দুর্গ ভাঙবে বলে আত্মবিশ্বাসী রাজন্যা।












Click it and Unblock the Notifications