ভোট ঘোষণার আগেই ১৫০০ টাকা! ঠিক কত লক্ষ বেকার ভোটার? সামনে এল পরিসংখ্যান
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা হওয়ার ঠিক আগেই বড় এক পদক্ষেপ নিল রাজ্য সরকার। সূত্রের খবর অনুসারে, নির্বাচন কমিশন দিল্লির বিজ্ঞান ভবন থেকে ভোটের দিনক্ষণ জানানোর আগেই 'যুবসাথী' প্রকল্পের টাকা পাঠানোর প্রক্রিয়া শেষ করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে যে, আজ বিকেলের মধ্যেই রাজ্যের প্রায় ৫৪ লক্ষ শিক্ষিত বেকারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে পাঠানো হচ্ছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে, এই প্রকল্পটির জন্য মোট প্রায় ৭৪ লক্ষ আবেদন জমা পড়েছিল। ফর্মগুলি যাচাইয়ের সময় দেখা যায় যে, এরকম অনেক আবেদনকারী রয়েছেন যাঁরা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। একাধিক প্রকল্পের ভাতা একসাথে দেওয়া সম্ভব নয় বলেই সেই আবেদনগুলি বাতিল করা হয়েছে। আর শেষ পর্যন্ত প্রায় ৫৪ লক্ষ আবেদনকারীকেই এই প্রকল্পের জন্য উপযুক্ত বলে ধরা হয়েছে।
এই প্রকল্পটির জন্য প্রথমে রাজ্য বাজেটে ১ এপ্রিল থেকে এই ভাতা দেওয়া শুরু হবে জানানো হয়েছিল। কিন্তু পরে মমতা ব্যানার্জী ঘোষণা করেন যে, অপেক্ষা না করে তাড়াতাড়িই টাকা দেওয়া হবে। আর সেই অনুসারে ৭ মার্চ থেকে ধাপে ধাপে টাকা পাঠানো শুরু হয়। ইতিমধ্যেই অনেক উপভোক্তার কাছে সেই টাকা পৌঁছে গেছে। আর বাকি অ্যাকাউন্ট গুলিতেও আজকের মধ্যেই টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।
রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে যে, ভোট ঘোষণার আগে এই ভাতা পৌঁছে দেওয়ার সিদ্ধান্তটি নির্বাচনী কৌশলের একটা অংশ হতে পারে। কারণ রাজ্যে প্রধান বিরোধী শক্তি হিসেবে বিজেপি পার্টি ইতিমধ্যেই জোরদার ভাবে প্রচার শুরু করে দিয়েছে। আর এই পরিস্থিতিতে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন যে, রাজ্যের এই পদক্ষেপ ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে।












Click it and Unblock the Notifications