১০ কোটি তছরূপের অভিযোগে বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক-মন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়ের হাজতবাস, কী কী ধারায় মামলা
১০ কোটি তছরূপের অভিযোগে বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক-মন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়ের হাজতবাস, কী কী ধারায় মামলা
১০ কোটি টাকা তছরূপের অভিযোগে গ্রেফতার হতে হয়েছিল প্রাক্তনমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। শেষপর্যন্ত তাঁকে হাজতবাস করতে হচ্ছে। চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিষ্ণপুর মহকুমা আদালত। পুলিশ তাঁর বিরুদ্ধে তিনটি গুরুত্বপূর্ণ ধারায় মামলা করে। সেই মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নেওয়ার আবেদনও জানায়।

চার দিনের পিসি, একাধিক অভিযোগ শ্যামা প্রসাদের বিরুদ্ধে
রবিবার সকালে গ্রেফতার করার পর দুপুরে তাঁকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। তাঁকে চারদিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। তাঁর বিরুদ্ধে পুলিশ সরকারি প্রকল্পের টাকা তছরূপ, বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা রুজু করে। অভিযোগ, তিনি বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান থাকাকালীন বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা নয়ছয় করেছেন।

প্রায় ১০ কোটি টাকা তছরূপ ৫৪টি প্রকল্পে
বিষ্ণুপুর মহকুমা শাসকের তদন্তে মোট ৫৪টি সরকারি প্রকল্পের টাকা নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। টেন্ডার করেও ৫৪টি প্রকল্পের কোনও কাজ হয়নি বলে অভিযোগ। সেই সমস্ত টাকা আত্মসাৎ করেন চেয়ারম্যান। প্রায় ১০ কোটি টাকা তছরূপ হয় বলে অভিযোগ উঠে আসে। তারপর চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রুজু হয়।

কোন কোন ধারায় মামলা রুজু শ্যামাপ্রসাদের বিরুদ্ধে
আদালত সূত্রে জানা গিয়েছে, প্রাক্তনমন্ত্রী-বিধায়ক ও বিগত তিন দশকের চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা, ৪০৬ ধারায় বিশ্বাসভঙ্গ ও ৪০৯ ধারায় সরকারি পদে থেকে আর্থিক কেলেঙ্কারি-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এইসব অভিযোগ অস্বীকার করেছেন।

পুরসভায় কোনও দুর্নীতির ঘটনা ঘটেনি, বললেন শ্যামাপ্রসাদ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, আমি কিছুই জানি না। পুরসভায় কোনও দুর্নীতির ঘটনা ঘটেনি। তাঁর আইনজীবী দাবি করেন, আমার মক্কেল রাজনীতির শিকার হয়েছেন। তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন। প্রথমে কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসেন তিনি। ওই দলে তিনি ১০ বছর ছিলেন। তারপর তিনি একুশের নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। ২০২০ সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি বিজেপিতে যোগ দেন।

শ্যামাপ্রসাদের দুর্নীতি, চাপানউতোর বিজেপি-তৃণমূলের
শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেওয়া নেতার গ্রেফতারিতে স্বাভাবিকভাবই অস্বস্তিতে গেরুয়া শিবির। তাঁরা এই দায় ঝেড়ে ফেলতে চাইছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৃণমূলেই রয়েছেন বলে দাবি করে বিজেপি। তাদের এই দাবির সমর্থনে বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি বক্তব্য তুলে ধরেন। তাঁর মুখে মমতা স্তুতিকেই হাতিয়ার করে বিজেপি দায় এড়াতে চাইছে। এদিকে তৃণমূল দাবি করেছিল, তাঁদের দলের দুর্নীতিপরায়ণ নেতারাই বিজেপিতে গিয়েছেন, এদিন শ্যামাপ্রসাদের গ্রেফতারি সেই কথাই প্রমাণ করছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের।












Click it and Unblock the Notifications