পারিবারিক বিবাদের জের, বাড়িতে ঢুকে ঘুমের মধ্যেই এলোপাথাড়ি কুপিয়ে খুন
বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর খিরিশখালি গ্রামে এই ঘটনা ঘটে।
দক্ষিণ ২৪ পরগনা, ২৫ এপ্রিল : বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর খিরিশখালি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মোকাদ্দেস খান। ঘুমন্ত অবস্থায় তাঁর উপর হামলা চালানো হয়। স্বামীকে বাঁচাতে এসে আক্রান্ত হন স্ত্রীও। এই হামলায় জখম হন বাড়ির আর এক সদস্যও। পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।
গতরাতে যখন ঘুমোচ্ছিলেন, হুড়মুড়িয়ে পাঁচ-ছ'জন দুষ্কৃতী ঢুকে পড়েন তাঁর ঘরে। কোনও কিছুই বুঝে ওঠার আগে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপাতে থাকে দুষ্কৃতীরা। প্রায় বেঘোরে প্রাণ যায় মোকাদ্দেসের। এই সময় স্বামীকে বাঁচাতে ছুটে আসেন মোকাদ্দেসের স্ত্রী। তাঁকেও আক্রান্ত হতে হয়। আক্রান্ত হন মোকাদ্দেসের ভাইও।

এরপর আর্ত চিৎকারে পাড়া-প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর দেওয়া হয় পুলিশকে। মোকাদ্দেসকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ প্রাথমিক তদন্ত জানতে পেরেছে, পারিবারিক বিবাদের কারণেই এই হামলা।
মোকাদ্দেসের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। তার জেরেই এই হামলার ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে।












Click it and Unblock the Notifications