বজ্রপাত-দমকা হাওয়া-শিলাবৃষ্টি! পাঁচ দিন ধরে বাংলার আবহাওয়া বড় পরিবর্তনে সতর্কতা জারি হাওয়া অফিসের
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ করছে দক্ষিণবঙ্গের ওপরে। এছাড়াও ঝাড়খণ্ড থেকে দক্ষিণ ছত্তিশগড়ের ওপরে থাকা অক্ষরেখা রয়েছে। যে কারণে পাঁচ দিন দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাত, দমকা হাওয়া এবং হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর ১৭ মার্চ রবিবারের সতর্কবার্তায় জানিয়েছে, বজ্রপাত-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের ওপর দিয়ে। এই একই সময়ে বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টি ও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। এছাড়া বাকি জেলাগুলিতে এই সময় অল্পবিস্তর বৃষ্টি কিংবা বজ্রপাত হতে পারে।

আবহাওয়া দফতর ১৮ মার্চ সোমবারের সতর্কবার্তায় জানিয়েছে, বজ্রপাত, হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর ১৯ মার্চ মঙ্গলবারে সতর্কবার্তায় জানিয়েছে, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ওই একই সময়ে ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলি জেলায়। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া ও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর ২০ মার্চ বুধবারের সতর্কবার্তায় জানিয়েছে, বজ্রপাত ও ধঝড়-সহ হাল্কা থেকে মাধারি বৃষ্টি কোথাও কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে সবকটি জেলাতেই। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর ২১ মার্চ বৃহস্পতিবারের সতর্কবার্তায় জানিয়েছে, দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া এবং বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
ওপরের ওই পরিস্থির কারণে বিভিন্ন জায়গায় মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। এছাড়া কাঁচা বাড়িরও ক্ষতি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া দফতরের তরপে সতর্ক করে বলা হয়েছে, বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে ঘোরা-ফেরা না করে যেন পাকা কোনও ছাউনির তলায় আশ্রয় নেন সাধারণ মানুষেরা। কোনওভাবেই গাছ কিংবা বিদ্যুতের খুঁটির তলায় আশ্রয় না নিতেও পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications