তিন দিনের জন্য উত্তর-দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
ফের একবার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া দফতরের। সঙ্গে পাহাড়ি এলাকায় ধসের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। পাশাপাশি নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে সক্রিয় রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা রাঁচি থেকে দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গিয়েছে। এছাড়াও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার ওপরে অবস্থান করছে। এর প্রভাবে এই এলাকায় আগামী ২৪ ঘন্টায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা
উত্তরবঙ্গ
- আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার থেকে শুক্রবারের মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারের দুই-একটি জায়গায়। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।
কী হতে পারে
- আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, এই সময়ের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ ভূমিধসের পরিস্থিতি তৈরি হতে পারে। তীব্র বর্ষণের কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। মাঠে থাকা ফসলেরও ক্ষতি হতে পারে। এছাড়াও শহুরে এলাকায় নিচু অঞ্চল প্লাবিত হতে পারে। এছাড়া রাস্তায় অস্থায়ীভাবে যানজট তৈরি হতে পারে।
কী করবেন, কী করবেন না
- এই সময় ভূমিধস প্রবণ এলাকা এবং যেসব এলাকায় জল জমে সেই সব এলাকা এড়িয়ে চলতে হবে। ফসলে সার কিংবা কীটনাশক প্রয়োগ করা যাবে না।
দক্ষিণবঙ্গ
- আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার প্রায় সর্বত্র, শুক্রবার অধিকাংশ জায়গায় এবং শনিবার থেকে মঙ্গলবার জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়়া ও হুগলিতে।
- বৃহস্পতিবার বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
কী হতে পারে
- নিচু এলাকাগুলিতে জল জমে যেতে পারে। দৃশ্যমানতা কমে যেতে পারে। অস্থায়ী ভাবে যানজট তৈরি হতে পারে।
কী করবেন, কী করবেন না
- প্রবল বৃষ্টিতে বাইরে বেরনোর আগে ট্রাফিকের নির্দেশিকা দেখতে হবে। এছাড়া বজ্রপাতের সময় নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে।












Click it and Unblock the Notifications