পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সপ্তাহভর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা! সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ এবং মায়ানমারমুখী হতেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করে পশ্চিমবঙ্গের স্থলভাগের ওপরে। এছাড়াও বিহার থেকে ওড়িশা পর্যন্ত থাকা অক্ষরেখার কারণে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
সতর্কতায় বলা হয়েছে, ১৫ থেকে ২০ মের মধ্যে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বয়ে যেতে পারে জেলাগুলির ওপর দিয়ে। ১৮-২০ মের মধ্যে এই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পরিমাণ বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের জন্য দেওয়া আবহাওয়া দফতরের সতর্কতা বলা হয়েছে, ১৫ মে থেকে ১৭ মের অর্থাৎ সোমবার থেকে বুধবারের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলাগুলির কোনও না কোনও অংশের ওপরে দিয়ে।
১৮-২০ মের অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার বেগ বেড়ে ঘন্টায় ৪০-৫০ কিমি হতে পারে। সঙ্গে হাল্কা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ১৮ মে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৫-২০ মে অর্থাৎ সোমবার থেকে শনিবারের মধ্যে বিভিন্ন জেলার কোনও না কোনও জায়গায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে ১৮ মে দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, এই ঝড়বৃষ্টিতে মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে। দৃশ্যমানতে কমে যেতে পারে। ভেঙে পড়তে পারে কাঁচা বাড়ি। তবে বজ্রপাতের সময় পাকা জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। এই সময় কোনওভাবেই গাছের তলায় কিংবা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া যাবে না।












Click it and Unblock the Notifications