সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক, বাংলার নেতৃত্বের 'ভুল সিদ্ধান্ত' নিয়ে শোরগোল
রাজ্যে সিপিআইএম(cpim)-এর শূন্য হওয়ার পরে রাজ্য কমিটিতে কৌশল নিয়ে প্রশ্ন করেছিলেন অনেক সদস্য। এবার সিপিএম-এর কেন্দ্রীয় কমিটিতে (central committee) প্রশ্নের মুখে এই রাজ্যের নেতারা। সেই কৌশলগত ভুলের অভিযোগ। কেরল ছাড়
রাজ্যে সিপিআইএম(cpim)-এর শূন্য হওয়ার পরে রাজ্য কমিটিতে কৌশল নিয়ে প্রশ্ন করেছিলেন অনেক সদস্য। এবার সিপিএম-এর কেন্দ্রীয় কমিটিতে (central committee) প্রশ্নের মুখে এই রাজ্যের নেতারা। সেই কৌশলগত ভুলের অভিযোগ। কেরল ছাড়া বাংলার নেতৃত্বকে নিশানা করেছে অন্ধ্রপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যের নেতৃত্ব।

কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে প্রশ্ন
সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় কমিটির বৈঠকে দক্ষিণের একাধিক রাজ্যের প্রতিনিধিরা কংগ্রেসের সঙ্গে নির্বাচনী জোট নিয়ে প্রশ্ন তোলেন। কংগ্রেসের সঙ্গে জোট করার কারণও জানতে চান তাঁরা। একাধিক রাজ্যের নেতারা বলেন, কংগ্রেসের সঙ্গে জোটের কারণে পশ্চিমবঙ্গে শূন্য হয়ে গিয়েছে বামেরা। তুলনায় তাঁরা কেরলের নাম উল্লেখ করে কংগ্রেস ও বিজেপির সঙ্গে লড়াইয়ে ফের ক্ষমতায় আসার কথা উল্লেখ করেন বলে জানা গিয়েছে। অন্যদিকে উদাহরণ হিসেবে উঠে আসে তামিলনাড়ুর প্রসঙ্গ। ওই রাজ্যে লোকসভা ভোটের পরে বিধানসভা নির্বাচনেও বামেদের ফল ভাল হয়েছে। সূত্রের আরও খবর বৈঠকে কেরলের প্রতিনিধিরা যেমন প্রশংসা পেয়েছেন, অন্যদিকে বাংলার প্রতিনিধিরা সমালোচনার মুখে পড়েন।

হাতিয়ার পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত
তবে, পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা ২০১৮ সালের সিপিএম-এর পার্টি কংগ্রেসের সিদ্ধান্তকে হাতিয়ার করেন বলে জানি গিয়েছে। রবীন দেন, রামচন্দ্র ডোম থেকে আভাস রায়চৌধুরীরা বলেন, পার্টি কংগ্রেসে বলা হয়েছিল বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে এক করার জন্য, অসাম্প্রদায়িক শক্রিকে ঐক্যবদ্ধ করার জন্য। সেই মতো কংগ্রেসের সঙ্গে জোট হয়েছিল। কৌশলগত ভুলকে সাফল্য না পাওয়ার জন্য দায়ী করা যায় না বলেও রাজ্যের প্রতিনিধিরা সওয়াল করেন। তারা আরও বলেছেন, বিজেপিকে বড় বিপদ বলে চিহ্নিত করে কংগ্রেসের সঙ্গে সমদূরত্বের লাইন আগেই বদল করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় কমিটির বাকি রাজ্যের প্রতিনিধিদের সামনে রাজ্যে নেতাদের যুক্তি আমল পায়নি বলে জানা গিয়েছে।

সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন
সূত্রের খবর অনুযায়ী, সিপিএম-এর কেন্দ্রীয় কমিটিতে অন্য রাজ্যের প্রতিনিধিরা কার্যত কটাক্ষ করে বলেন, এমন সিদ্ধান্ত নেওয়া হল, যার কোনও কাজেই এল না, সেখানে আসন সংখ্যাও শূন্য হয়ে গেল। আরও জানা গিয়েছে, বাংলায় জোট নিয়ে উপদেশ দিতে গিয়ে কেন্দ্রীয় কমিটির অন্য রাজ্যের নেতার বলেন, বৃহত্তর বাম ঐক্যের ডাক দিয়ে সবাইকে একজোট করে ভোটে লড়াই করা উচিত ছিল। দলের নেতৃত্ব কংগ্রেসের প্রতি দুর্বলতা দেখিয়েছেন বলেও কোনও কোনও সদস্য উল্লেখ করে নাম না করে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকেও নিশানা করেন। পাশাপাশি মোদী-দিদিকে এক করে দেখে করা প্রচারও এবারের বিপর্যয়ের অন্যতম কারণ বলেও কেউ কেউ মন্তব্য করেছেন।

আলিমুদ্দিনে বসেই ভার্চুয়াল বৈঠক
এবার সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক বসেছে বিশেষ পরিস্থিতিতে। আলিমুদ্দিনেই বসেছিলেন, এই রাজ্যের সদস্যরা। ভার্চুয়াল বৈঠকে ছিলেন অন্য রাজ্যের প্রতিনিধিরা। পাঁচ রাজ্যের নির্বাচনী ফল নিয়ে পর্যালোচনা করা হচ্ছে এবারের কেন্দ্রীয় কমিটির বৈঠকে। সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হয়েছে শুক্রবার, শনিবার এর দ্বিতীয় দিন। রবিবার তা শেষ হবে।
খবরের ডেইলি ডোজ। ডাউনলোড Bengali Oneindia App












Click it and Unblock the Notifications