তৃণমূল বিধায়কের হুমকির ঘটনায় রিপোর্ট চাইল কমিশন, এরিয়া ডোমিনেশনে কেন্দ্রীয় বাহিনী
তৃণমূল বিধায়কের হুমকির ঘটনায় রিপোর্ট চাইল কমিশন, এরিয়া ডোমিনেশনে কেন্দ্রীয় বাহিনী
আসানসোলের (Asansol) ভোটের আগে চড়ছে রাজনৈতিক উত্তেজনা। আগামী.১২ এপ্রিল এই কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। আর ভোটের আগে অভিযোগ পালটা অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। আর এর মধ্যেই পাণ্ডবেশ্বরের (Pandaveswar) তৃণমূল (Trinamool Congress) বিধায়কের হুঁশিয়ারি ঘিরে নয়া মাত্রা যোগ হয়েছে। শুধু তাই নয়, বিধায়কের বিরুদ্ধে কেন এফআইআর হবে না তা নিয়ে সরব বিরোধীরা। যদিও এই ঘটনায় অবশেষে হস্তক্ষেপ করল নির্বাচন কমিশন।

হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে তৃণমূল বিধায়ক
বিজেপি নেতা-কর্মীদের রীতিমত হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে তৃণমূল বিধায়ক। তিনি বলছেন, তযদি ভোট দেন, তাহলে তা দেবেন নিজের ঝুঁকিতে। যদি ভোট দিতে যান, তাহলে ধরে নেওয়া হবে বিজেপিকে ভোট দিয়েছেন। ফলে ভোটের পর কোথায় থাকবেন তা নিজের ঝুঁকি। বিজেপি সমর্থকদের সরাসরি ভোট না দিতেই বলতে শোনা যাচ্ছে তাঁকে। সঙ্গে ওই নেতা বলছেন. যদি তাঁরা ভোট না দেন তাহলে রাজ্যে থাকতে পারবেন, চাকরি ব্যবসা করতে পারবেন। তৃণমূল তাঁদেরকে সমর্থন করবে, পাশে থাকবে বলেও জানিয়েছেন তিনি। এমনকি কট্টর বিজেপি সমর্থকদের চমকাতে হবে বলেও কর্মীদের নির্দেশ দিয়ে শোনা যাচ্ছে বিধায়ককে।

আমাদের কর্মীরা বসে থাকবে না
আর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যদিও বিধায়ক বলেছেন, এটা পুরনো ভিডিও, যা নিয়ে বিজেপি বাজার গরম করতে চাইছে। তবে এই ভিডিও সামনে আসার পরেই পালটা হুঁশিয়ারি দিয়েছেন আসানসোল লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, বিজেপি অশান্তি চায় না। কেউ যদি অশান্তি করতে আসে তাহলে আমাদের কর্মীরা বসে থাকবে না বলেও তোপ বিজেপি প্রার্থীর। তবে ইতিমধ্যে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির।

বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে
ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে জাতীয় নির্বাচন কমিশনও। ইতিমধ্যে ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফে। জেলাশাসকের কাছে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। আর তা ২৪ ঘণ্টার মধ্যেই পাঠাতে হবে। আর সেই রিপোর্ট খতিয়ে দেখেই পরবর্তী ব্যবস্থা বলে জানা যাচ্ছে।

এরিয়া ডোমিনেশনের কাজ শুরু
এবার ভোটে আসানসোলের উপর বাড়তি নজর কমিশনের। ইতিমধ্যেই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এরিয়া ডোমিনেশনের কাজ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। খুব শিঘ্রই আসানসোল লোকসভা কেন্দ্রেও বাহিনী পৌঁছে যাবে বলে খবর। দুই কেন্দ্রের জন্যে ৩০০ এরও বেশি কোম্পানি বাহিনী আসছে। যার মধ্যে ইতিমধ্যে বেশ কিছু কোম্পানি চলে এসেছে।












Click it and Unblock the Notifications