ভোটকর্মীদের দাবি মানল কমিশন! ভোট শুরুর আগে 'বিপাকে' অনুব্রত জানালেন কিছু যায় আসে না
ভোটকর্মীদের দাবি মতো অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করল নির্বাচন কমিশন। সূত্রের খবর অনুযায়ী, একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডলের বাড়িতে।
ভোটকর্মীদের দাবি মতো অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করল নির্বাচন কমিশন। সূত্রের খবর অনুযায়ী, একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডলের বাড়িতে। তিনিই নজরদারি চালাবেন বলে জানা গিয়েছে। প্রতি মুহুর্তের ছবি ভিডিওগ্রাফি করা হচ্ছে। অনুব্রত মণ্ডল জানিয়েছেন, নজরবন্দিতে কিছু যায় আসে না। ২০১৬-র বিধানসভা ভোটের সময়েও অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হয়েছিল।

ভোটকর্মীদের দাবি
মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে শনিবার দেখা করেন ভোটকর্মী ঐক্যমঞ্চের প্রতিনিধিদল। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দেওয়া চিঠিতে ঐক্যমঞ্চের তরফে স্বপন মণ্ডল জানান, শাসকদলের হয়ে ভোট করানোর জন্য অনুব্রত মণ্ডল ভোটকর্মীদের হুমকি দিচ্ছেন। ওই নেতা এমনও হুমকি দিচ্ছেন, যে ভোট কেন্দ্রে মাছি গলতে দেবেন না। ভোটকর্মীদের প্রশ্ন, যদি ভোটাররা বুথে পৌঁছতে না পারে, তাহলে ভোটকর্মীদের প্রয়োজন কী? ভোটপর্ব শেষ না হওয়া পর্যন্ত তাঁকে নজরবন্দি রাখতে দাবি করা হয় কমিশনের কাছে।

দিলীপ ঘোষের দাবি
অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য বীরভূমের বাইরে রাখা উচিত অনুব্রত মণ্ডলকে। এমনই দাবি করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। পাশাপাশি, দিলীপ ঘোষের দাবি, অনুব্রত মণ্ডলকে বাংলা সীমান্ত পার করে ঝাড়খণ্ডে পাঠিয়ে দেওয়া উচিত।

অনুব্রতকে নজরবন্দির সিদ্ধান্ত কমিশনের
ভোট শুরুর প্রায় ১২ ঘন্টা আগে কমিশনের তরফে জানানো হয়, সোমবার সকাল ছটা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুব্রত মণ্ডলের গতিবিধির ওপর সম্পূর্ণ নজরদারি চালাবে কমিশন। গতিবিধির ভিডিওগ্রাফি করা হবে। বীরভূম জেলায় থাকা এক নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে তৈরি করা হয়েছে কমিটি। সেই কমিটি নজরদারির কাজ করবে বলে জানা গিয়েছে। তিনি ফোনে কার সঙ্গে কথা বলছেন, সেটাও জানানোর নিদ্শে দিয়েছে কমিশন।












Click it and Unblock the Notifications