রাজ্যকে চিঠি নির্বাচন কমিশনের, কেন্দ্রীয় বাহিনী নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রীর
সুপ্রিম কোর্টে মামলা খারিজ হয়েছে বৃহস্পতিবারই। আর এরপরেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। আগামী মে-জুন মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে।
সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষেই হয়তো বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। আর এই অবস্থায় রাজ্য সরকারকে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। মূলত পর্যবেক্ষকের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েই এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জায়গাতে ৪০০ জন পর্যবেক্ষক এবং ৩০ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ হবে।

এই পর্যবেক্ষক কারা হবেন তা জানতে চেয়েই মূলত এই চিঠি নবান্নকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। আর চিঠি পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশসন। প্রকাশিত খবর অনুযায়ী, চিঠি পাওয়ার পরেই এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে নবান্নের তরফেও। কারা পঞ্চায়েত নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে কাজ করবেন তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
এমনকি বিভিন্ন দফতরের সঙ্গে আলোচনা করেই এই সংক্রান্ত নাম চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন না হলে ভোটের কাজ করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
যদিও আগামী পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই বলেই জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। সম্প্রতি আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন পঞ্চায়েত মন্ত্রী । এই বৈঠকে আলিপুরদুয়ার জেলার প্রশাসনের আধিকারিক এবং জেলাশাসক উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পঞ্চায়েত মন্ত্রী। বলেন, আমাদের দফতর ভোটের জন্য প্রস্তুত আছে। তবে নির্বাচনে বিরোধীদের দাবি মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা প্রশ্ন করা হয়। সেখানে মন্ত্রী জানান, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। যদিও এই বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত বৃহস্পতিবারই শুভেন্দু অধিকারীর পঞ্চায়েত নিয়ে করা মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে ফের একবার আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ফের একবার মামলা করা হবে আদালতে। তবে কবে এই মামলা দায়ের হবে তা অবশ্য স্পষ্ট নয়।
ফলে ফের একবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা রাজনৈতিকমহলের।












Click it and Unblock the Notifications