উত্তরপ্রদেশে নিষিদ্ধ বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা, কতদিনের জন্য জারি নিষেধাজ্ঞা
নির্বাচনী দামামা বেজে গিয়েছে উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে। ১০ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে শুরু হচ্ছে ভোট। সাত দফায় এবারের নির্বাচন পর্ব চলবে দেশের বৃহত্তম রাজ্যে। এর আগে একাধিক দফায় জনমত সমীক্ষা হয়েছে।
নির্বাচনী দামামা বেজে গিয়েছে উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে। ১০ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে শুরু হচ্ছে ভোট। সাত দফায় এবারের নির্বাচন পর্ব চলবে দেশের বৃহত্তম রাজ্যে। এর আগে একাধিক দফায় জনমত সমীক্ষা হয়েছে। কিন্তু বুথ ফেরত সমীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। ১০ ফেব্রুয়ারি ভোট শুরু হলেই বুথ ফেরত সমীক্ষা করা চলবে না।

নির্বাচন কমিশন নির্দেশ জারি করেছে, উত্তরপ্রদেশে প্রথম দফা নির্বাচনের দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাতটা থেকে শেষ দফার ভোট পর্ব অর্থাৎ ৭ মার্চ সন্ধ্যা সাড়ে ছ'টা পর্যন্ত উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন সম্পর্কিত বুথ ফেরত সমীক্ষা করা নিষিদ্ধ। অর্থাৎ সাত দফা ভোট পর্ব মিয়ে যাওয়ার পর উত্তরপ্রদেশের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করা যাবে।
সেই নিরিখে শেষ দফার ভোট ৭ মার্চ সাড়ে ৬টার পর বুথ ফেরত সমীক্ষা দেখানো যাবে বিভিন্ন মাধ্যমে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। শনিবার জারি করা এক বিবৃতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অজয় কুমার শুক্লা জানান, ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত কোনও খবরের কাগজ, টিভি বা ইলেকট্রনিক মিডিয়া, কিংবা কোনও ডিজিটাল মিডিয়াতেও বুথ ফেরত সমীক্ষা প্রকাশ বা সম্প্রচার করা যাবে না। এই প্রচার ও প্রকাশ ৭ মার্চ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।
নির্বাচন কমিশন এই মর্মে জানিয়েছে, কোনও ব্যক্তি যদি এই আদেশ লঙ্ঘন করেন, তবে দুই বছরের জেল বা জরিমানা বা উভয় দণ্ডেই দণ্ডিত হতে পারেন। নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকদের মতে, ভোটের দিনের ৪৮ ঘণ্টা আগে শুরু হওয়া 'নীরবতাকালীন' সময়েও কোনও ধরনের গণমাধ্যমে জনমত সমীক্ষা নিষিদ্ধ করা হয়েছে।
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে সাতটি ধাপে অনুষ্ঠিত হবে৷ ১০ মার্চ ভোট গণনা হবে৷ ২০১৭ সালেও উত্তরপ্রদেশের শেষ বিধানসভা নির্বাচনও সাতটি পর্বে অনুষ্ঠিত হয়েছিল। বিজেপি এবং তার সহযোগীরা রাজ্যের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩১২টিতে জয়লাভ করে ক্ষমতা দখল করেছিল।
এবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, কংগ্রেস এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টির মধ্যে চতুর্মুখী লড়াই হতে চলেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হয়েছে। উত্তরপ্রদেশ ছাড়াও আরও চারটি রাজ্য, যথাক্রমে- উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া এবং মণিপুরে ফেব্রুয়ারি ও মার্চে নির্বাচন হতে চলেছে। মোট ৬৯০টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে এবং ১৮.৩৪ কোটি ভোটদাতা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন












Click it and Unblock the Notifications