মুকুলের হুঙ্কারের পরই লোকসভার একদিন আগে এসপি বদল, কমিশনের সিদ্ধান্তে বিতর্ক
কত বড় এসপি দেখে নেব। প্রধানমন্ত্রীকে মঞ্চে বসিয়ে বিজেপি নেতা মুকুল রায় হুঙ্কার ছেড়েছিলেন কোচবিহারে। তার ৪৮ ঘণ্টার মধ্যেই সরিয়ে দেওয়া হল কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তাকে।
কত বড় এসপি দেখে নেব। প্রধানমন্ত্রীকে মঞ্চে বসিয়ে বিজেপি নেতা মুকুল রায় হুঙ্কার ছেড়েছিলেন কোচবিহারে। তার ৪৮ ঘণ্টার মধ্যেই সরিয়ে দেওয়া হল কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তাকে। কোচবিহারে এই এসপি বদল হল ভোটের ঠিক একদিন আগে। ফের প্রশ্ন উঠে গেল নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে।

ভোটের একদিন আগে কোচবিহারের পুলিশ সুপার পদ থেকে অভিষেক গুপ্তাকে সরিয়ে নতুন পুলিস সুপার করা হল অমিত সিংকে। তাঁকে মঙ্গলবারই দায়িত্ব নিতে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। কমিশন নির্দেশ দিয়েছে, বিকেল পাঁচটার মধ্যে দায়িত্ব নিতে।
উল্লেখ্য, কোচবিহারের এসপি অভিষেক গুপ্তার নামে কিছুদিন আগেই কমিশনে অভিযোগ জানায় বিজেপি। এরপর কোচবিহার রাসলীলা ময়দানে দাঁড়িয়ে মুকুল রায় পক্ষপাতিত্বর অভিযোগ তোলেন অভিষেক গুপ্তার বিরুদ্ধে। মুকুল রায় বলেন, অন্তত ১০ বছর রাজনীতিতে থাকব, দেখব কী করে এসপি থাকেন অভিষেক গুপ্তা।
তারপরই নির্বাচন কমিশনের তরফে অভিষেক গুপ্তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, নির্বাচন কমিশন তাদের কাজ করেছে। আর আমাদের কাজ করছি। নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে কর্মীদের উৎসাহিত করতে ওমন হুঙ্কার ছাড়তে হয়। তার সঙ্গে কমিশনের সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই।
তৃণমূল মহাসচিব পার্ত চট্টোপাধ্যায় বলেন, এদিন ফের প্রমাণিত হয়ে গেল নির্বাচন কমিশনকে বিজেপি দলদাসে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। চারা যা বলছে নির্বাচন কমিশন সেই মতে কাজ করছে। আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে এই অনৈতিক অপসারণের বিরুদ্ধে পদক্ষেপ নেব। উল্লেখ্য, মাঝে আর একদিন তারপরই রাত পোহালে কোচবিহারে ভোট। তার আগে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।












Click it and Unblock the Notifications