ভোট ঘোষণার পর বড় রদবদল! ডিজিপি ও কলকাতার পুলিশ কমিশনার বদলাল নির্বাচন কমিশন, নতুন দায়িত্বে কারা?
বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর পরই রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় পরিবর্তন করল নির্বাচন কমিশন। পীযূষ পাণ্ডেকে ডিজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাঁর জায়গায় নতুন ডিজিপি হিসেবে সিদ্ধনাথ গুপ্ত দায়িত্ব পাচ্ছেন। তিনি ডিজি এবং আইজিপি (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন।

সেই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সুপ্রতিম সরকারকেও সরানো হয়েছে। আর তাঁর বদলে এই দায়িত্ব দায়িত্ব পাচ্ছেন আইপিএস অফিসার অজয় নন্দ।
পুলিশের আরও কিছু গুরুত্বপূর্ণ পদেও আনা হয়েছে বদল। ১৯৯৫ ব্যাচের আইপিএস অজয় মুকুন্দ রানাডেকে এডিজি এবং আইজিপি (আইনশৃঙ্খলা) হিসেবে নিয়োগ করা হয়েছে। আবার অন্যদিকে, ডিজি পদে ১৯৯১ ব্যাচের আইপিএস নটরাজন রমেশ বাবু দায়িত্ব পেয়েছেন।
নতুন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ হলেন ১৯৯৬ ব্যাচের আইপিএস অফিসার। আগে তিনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন। সেইসঙ্গে মাওবাদী দমন অভিযানেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি আসানসোল থেকে দুর্গাপুর পুলিশ কমিশনারেটেও দায়িত্ব সামলেছেন। এ ছাড়াও পশ্চিমবঙ্গ এসটিএফ-এর প্রথম আইজি হিসেবেও তিনি কাজ করেছেন।
উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা হওয়ার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই বড় এক প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরানো হয়েছে এবং সেই সঙ্গে স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কমিশন জানিয়ে দিয়েছে যে, ভোট প্রক্রিয়া যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ঠিক ততদিন পর্যন্ত তাঁরা নির্বাচনের কোনওরকম কাজে যুক্ত থাকতে পারবেন না।
নন্দিনীর চক্রবর্তীর পরিবর্তে নতুন মুখ্যসচিব হিসেবে ১৯৯৩ ব্যাচের আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিওয়ালা সেই দায়িত্ব পাচ্ছেন। অন্যদিকে আবার, নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে সংঘমিত্রা ঘোষকে নিয়োগ করা হয়েছে, যিনি হলেন ১৯৯৭ ব্যাচের আইএএস অফিসার। তাঁদের আজ দুপুর ৩টের মধ্যে নতুন দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে।
গতকাল অর্থাৎ রবিবার বিকেলে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। দিল্লির বিজ্ঞান ভবন থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে এই বার মোট দুই দফায় ভোট হবে, ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২টি এবং দ্বিতীয় দফায় ১৪২ টি কেন্দ্রের ভোট হবে। সমস্ত দফার ভোট শেষ হওয়ার পর ফল ঘোষণা করা হবে ৪ মে।












Click it and Unblock the Notifications