পুরভোটের তৎপরতা শুরু নির্বাচন কমিশনের, রাজ্যের প্রস্তাবনা পেয়েই নিলেন পদক্ষেপ
পুরভোটের তৎপরতা শুরু নির্বাচন কমিশনের, রাজ্যের প্রস্তাবনা পেয়েই নিলেন পদক্ষেপ
রাজ্যের প্রস্তাবনার পরই পুরভোটের দামামা বেজে গিয়েছে। তৎপরতা বেড়ে গিয়েছে নির্বাচন কমিশনেরও। পুরভোটের জন্য প্রস্তুত রাজ্য যখন দিনক্ষণ নিয়ে ভাবতে শুরু করেছে, তখনই ৩ জেলার জেলাশাসককে নির্বাচন কমিশনে তলব করলেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। তিন জেলাশাসকের সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত হতে পারে পুরভোট।

আর মাত্র দেড় মাস, প্রস্তুতি শুরু
এপ্রিলে ভোট হলে আর মাত্র দেড় মাস। তাই প্রস্ততির জন্যই এই বৈঠকের ডাক বলে জানা গিয়েছে। ধাপে ধাপে সমস্ত জেলার সঙ্গে বৈঠকের পরই স্থির হবে ভোটের দিনক্ষণ। আপাতত কলকাতা পুরসভার কমিশনার, হাওড়া ও উত্তর ২৪ পরগনার জেলাশাসকদের নিয়ে বৈঠক করবেন নির্বাচন কমিশনার।

রাজ্য সরকারের প্রস্তাব মেনে
রাজ্য সরকারের দেওয়া প্রস্তাব মেনে কলকাতা ও হাওড়ার ভোট ১২ এপ্রিল করতে পারেন নির্বাচন কমিশনার। বাকি দুই পুরনিগম আসানসোল বা সল্টলেকের ভোট পরে হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা এই দুই পুরনিগমের মেয়াদ ২০২০-র অক্টোবর পর্যন্ত রয়েছে। শিলিগুড়ির ভোট নিয়ে অন্য পুরসভার সঙ্গে হতে পারে।

বাংলার নতুন বছরে ভোট!
রাজ্য সম্ভাব্য দিনক্ষণ জানালেও তাদের মাথায় রয়েছে বোর্ডের পরীক্ষার কথা। কেননা মার্চ মাস পর্যন্ত চলবে পরীক্ষা। তারপর ১৪ এপ্রিল বাংলা নববর্ষ। তাই ১২ এপ্রিল তারিখটা নিয়ে রাজ্য একটু ভাবনা-চিন্তা করছে। রাজ্য চাইছে বাংলার নতুন বছরে ভোট করতে। তারপর ২৪ এপ্রিল থেকে রমজান মাস শুরু। সেটাও ভাবছে রাজ্য সরকার।

দিন পরিবর্তন হলে, কী হতে পারে
তেমন হলে দিন পরিবর্তন করে ১৪ থেকে ২৪-এর মধ্যে কোনও তারিখ বেছে নেওয়া হতে পারে। তৃণমূল সরকারের আরও একটি ভাবনা রয়েছে। তা হল বারাকপুর শিল্পাঞ্চলের পুরসভাগুলিকে পুরনিগমের আওতায় আনা। তা হলে সেই পুরনিগমের ভোটও একসঙ্গে হতে পারে। যদিও সবটাই এখনও ভাবনা। চূড়ান্ত ঘোষণা করবে রাজ্য সরকার।

এপ্রিলেই ভোট, সম্ভাব্য তারিখ
রাজ্য সরকারও চাইছিল পুরসভা ভোটের আগে কলকাতা-সহ চারটি পুরনিগমের ভোট আগে করে নিতে। রাজ্যকে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে কলকাতা-সহ চারটি পুরনিগমের ভোট একসঙ্গে হবে। ওই ভোটের সম্ভাব্য দিন ১২ এপ্রিল। বাকি ১০৮টি পুরসভা ভোট হবে এপ্রিল মাসের শেষের দিকে। আপাতত ২৪ ও ২৬ এপ্রিল দুই দফায় বাকি পুরসভা ভোটের কখা ভাবা হচ্ছে।












Click it and Unblock the Notifications