বাংলায় ফের বেজে গেল ভোটের দামামা, দুই কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ
বাংলায় ফের বেজে গেল ভোটের দামামা, দুই কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ
ফের বেজে গেল ভোটের দামামা। বাংলায় দুই কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট ১২ এপ্রিল। একইদিনে ছত্তিশগড়, বিহার, মহারাষ্ট্রের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ১৭ মার্চ ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২৮ মার্চ।

বাংলায় পুরসভা নির্বাচনের পর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে উন্মাদনা শেষ হতে না হতেই ফের ভোটের দামামা বেজে গেল। আবারও ভোট সামনের মাসে। এপ্রিলে চার রাজ্যের উপনির্বাচন হবে। তার মধ্যে রয়েছে বাংলার দুই কেন্দ্রও। বাংলার দুই কেন্দ্র হল একটা বাবুল সুপ্রিয়র আসানসোল আর সুব্রত মুখোপাধ্যায়ের বালিগঞ্জ।
বাবুল সুপ্রিয় আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন। তারপর তিনি তৃণমূলে যোগ দিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দেন। ফলে তাঁর আসনটি ফাঁকা হয়। সেই কেন্দ্রে এবার নির্বাচন সংঘটিত হতে চলেছে। তার পাশাপাশি সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়ামে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রটিও ফাঁকা হয়েছে। এই দুই কেন্দ্রে এবার ভোট হতে চলেছে।
১২ এপ্রিল বাংলার এই দুই কেন্দ্র-সহ আরও তিন রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এবার এই পাঁচ কেন্দ্রের নির্বাচনের দিকে চোখ রাজনৈতিক মহলের। বাংলার দুটি কেন্দ্রে উপনির্বাচনের পাশাপাশি আও যে তিনটি পুরসভায় ভোটগ্রহণ বাকি রয়েছে, তা নিয়েও চর্চা চলছে রাজনৈতিক মহলে।
এ মাসেই বাংলার ১০৮ পুরসভার ফল প্রকাশ হয়েছে। ১০৮ পুরসভার মধ্যে মাত্র দুটি পুরসভা হাতছাড়া হয়েছে তৃণমূলের। বাকি সব পুরসভাই প্রায় তৃণমূলের দখলে। ১০৬টি পুরসভার মধ্যে চারটি পুরসভা ত্রিশঙ্কু অবস্থায় ছিল। আগে কলকাতা-আসানসোলসহ পাঁচ পুরসভা তৃণমূল দখল করেছিল। অর্থাৎ ১১৩ পুরসভার মধ্যে তৃণমূলের দখলে রয়েছে ১০৭ পুরসভা। এখনও হাওড়া পুরনিগম, বালি ও দুর্গাপুর পুরসভার ভোট বাকি রয়েছে।
একুশের নির্বাচনের পর থেকেই রাজ্যে বিরোধী দল হিসেবে বিজেপি সম্পূর্ণ ব্যর্থ। তারা কোনও প্রতিরোধই কার্যত গড়তে পারছে না শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আবার ভিন্ন সমীকরণও দেখা যাচ্ছে সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে। হঠাৎই বিজেপিকে সরিয়ে সিপিএম তথা বামফ্রন্ট উঠে আসছে বিরোধী হিসেবে। সাম্প্রতিক নির্বাচনে সেই প্রতিচ্ছবি লক্ষ্যণীয় হয়ে উঠেছে। এখন দেখার দুই কেন্দ্রের উপনির্বাচনে এর কোনও হেরফের হয় কি না। পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যের নির্বাচনে বিপুল জয়ের পর এ রাজ্যের উপনির্বাচনে বিজেপি আবার প্রবল প্রতাপ নিয়ে ফিরে আসতে পারে কি না।












Click it and Unblock the Notifications