মাধ্যমিকে প্রশ্ন ফাঁস, 'কেউ করলে কী করব?' বেফাঁস মন্তব্যে দায় এড়ালেন পার্থ
তিনদিন হল শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। প্রতিদিনই উঠছে প্রশ্ন ফাঁসের অভিযোগ। চরম অস্বস্তিতে মধ্যশিক্ষা পর্যদ এবং তাদের সভাপতি। যদিও এই ঘটনাকে গুরুত্ব দিতেই নারাজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
তিনদিন হল শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। প্রতিদিনই উঠছে প্রশ্ন ফাঁসের অভিযোগ। চরম অস্বস্তিতে মধ্যশিক্ষা পর্যদ এবং তাদের সভাপতি। যদিও এই ঘটনাকে গুরুত্ব দিতেই নারাজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, যদি কেউ আধঘন্টার মধ্যে বেরিয়ে হোয়াটসঅ্যাপ করে দেয়, তাহলে তুমি-আমিত কী করব।

প্রথম দিন প্রশ্ন ফাঁসের অভিযোগ
কড়া নজরদারির মধ্যেও মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ পিছু ছাড়েনি প্রথম দিন। পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রথমভাষা বাংলার প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়ায়।

দ্বিতীয় দিনে কিছুটা মুখরক্ষা হয় পর্যদের
মাধ্যমিকের দ্বিতীয় দিনে মুখরক্ষা পর্যদের। একইসঙ্গে স্বস্তিতেও তারা। এদিন ছিল দ্বিতীয় ভাষার পরীক্ষা। টিকটকে ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। যদিও পরে দেখা যায়, আসলের সঙ্গে মিলছে না ওই প্রশ্নপত্র।

শিক্ষামন্ত্রী তলব করেছিলেন পর্ষদ সভাপতিকে
ইংরেজি পরীক্ষার দিন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ভাইরাল হওয়ার খবর পেতেই শিক্ষামন্ত্রী বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি পর্ষদ সভাপতিকে জরুরি তলবও করেন।

প্রশ্ন ফাঁস নিয়ে উদাসীন শিক্ষামন্ত্রী
তবে প্রশ্ন ফাঁস নিয়ে সংবাদ মাধ্যমের সামনে উদাসীনতা প্রকাশ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, খবর করার জন্য এসব করা হচ্ছে। তিনি এও বলেন, বিষয়টি নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। কোথা থেকে প্রশ্ন ছড়ানো হচ্ছে তা জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি। এরপরেই তিনি বলেন, কেউ যদি আধঘন্টার মধ্যে বেরিয়ে হোয়াটসঅ্যাপ করে দেয়, তাহলে তুমি আমি কী করব, প্রশ্ন করেন তিনি। যদিও অভিযুক্তদের শাস্তির আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।












Click it and Unblock the Notifications