আন্দোলনকারীরা শিক্ষিকা নন, বিজেপির ক্যাডার! কাজের খতিয়ান পোস্ট করে বার্তা শিক্ষামন্ত্রীর
আন্দোলনকারীরা শিক্ষিকা নন, বিজেপির ক্যাডার! কাজের খতিয়ান পোস্ট করে বার্তা শিক্ষামন্ত্রীর
বিকাশ ভবনের সামনে শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল বুধবার। আন্দোলনরত শিক্ষিকাদের পাঁচজন আবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অনৈতিকভাবে দূরে বদলির জন্য বিষ খেয়ে আত্মহত্যার ঘটনায় এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার তিনি ফেসবুক পোস্ট করে তুলে ধরেন শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিগত কয়েক বছর কী কী কাজ করেছে তৃণমূল সরকার।

এঁনারা কেউ শিক্ষিকা নন, এঁরা বিজেপির ক্যাডার
এর পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আন্দোলনরত শিক্ষিকাদের বিঁধে তিনি বলেন, এঁরা আসলে কেউই শিক্ষিকা নন, এঁরা বিজেপির ক্যাডার। মমতার বন্দ্যোপাধ্যয়ের সরকার শিক্ষক-শিক্ষিকাদের জন্য যা করেছেন, তারপরও যদি আন্দোলনে নামেন তাঁরা, তবে বলতেই হয়, এঁনারা কেউ শিক্ষিকা নন, এঁরা বিজেপির ক্যাডার হয়েই আন্দোলনে নেমেছে।

বাম আমলের সঙ্গে কোথায় ফারাক তৃণমূল, ফেসবুকে ব্রাত্য বসু
ব্রাত্য বসু ফেসবুকে লেখেন- বাম সরকারের আমলে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের অধীনে এসএসকে এবং এমএসকে'র সহায়ক বা সহায়িকা, সম্প্রসারক বা সম্প্রসারিকারা নামমাত্র সাম্মানিকের বিনিময়ে কাজ করতেন। কাজের নিশ্চয়তা, আর্থিক নিরাপত্তা এবং অবসরকালীন সুযোগসুবিধা বলে কিছু ছিল না। কিন্তু মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার ২০২০ থেকে এসএসকে এবং এসএসকে-গুলিকে বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীনে এনে একটি সুসংবদ্ধ রূপ দিয়েছেন।

ফেসবুক পোস্টে তৃণমূল সরকারের কাজের খতিয়ান ব্রাত্যর
1. সহায়ক-সহায়িকাদের সাম্মানিক বাড়িয়ে মাসিক ১০৩৪০ টাকা এবং সম্প্রসারক-সম্প্রসারিকাদের সাম্মানিক বাড়িয়ে ১৩৩৯০ টাকা করা হয়েছে। এছাড়াও বাৎসরিক তিন শতাংশ বৃদ্ধি বা ইনক্রিমেন্ট চালু করা হয়েছে।
2. প্রত্যেককে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে নিয়ে আসা হয়েছে।
3. যাঁরা ৬০ বছর বয়েসে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন, তাঁদের অবসরের সময়ে প্রত্যেকের জন্য ৩ লাখ টাকা এককালীন অবসর-ভাতা চালু করা হয়েছে। বাকিদের জন্যও এই সুবিধাদানের বিষয়ে অর্থ দফতরের সঙ্গে ফাইল চলছে।
4. ৬০ বছর বয়েসে অবসর নেওয়ার সিদ্ধান্ত যাঁরা জানিয়েছেন, তাঁদের জন্য ২০২১-এর ১ ফেব্রুয়ারি থেকে প্রভিডেন্ট ফান্ড চালু করা হয়েছে।
5. মহিলাদের জন্য সরকারি নিয়মানুযায়ী মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা হয়েছে।
6. এছাড়াও প্রত্যেককের জন্য চিকিৎসা সংক্রান্ত বাৎসরিক ১৮ দিন ক্যাজুয়াল লিভ বা ছুটির অধিকার দেওয়া হয়েছে।

শিক্ষিকাদের আত্মহত্যার ঘটনায় মামলা রুজু
মঙ্গলবার বিকাশ ভবনের সামনে দূরে বদলির নির্দেশের প্রতিবাদে আন্দোলনে সামিল হন শিক্ষিকারা। তাঁদের মধ্যে ৫ শিক্ষিকা বিষ মুখে ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ এরপর আন্দোলন ছত্রভঙ্গ করে ৫ শিক্ষিকাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে। তাঁদের ৫ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। এদিন তাঁদের বিরুদ্ধে নিজেদের জীবনহানির চেষ্টা, সরকারি নির্দেশ অমান্য ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু করা হয়।












Click it and Unblock the Notifications