বনগাঁ, বারাসত, নদিয়ার চালকল-আটাকলে হানা ইডির, মালিকদের জেরা
ফের তল্লাশি অভিযানে ইডির দল। উত্তর ২৪ পরগনা ও নদিয়ার একাধিক জায়গায় হানা দিয়েছেন আধিকারিকরা। একাধিক দলে ভাগ হয়ে এইসব তল্লাশি অভিযান চলছে। মূলত চালকল ও আটা কলগুলিতেই হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রেশন বণ্টন দুর্নীতির তথ্য খুঁজছেই এই হানা। সেটি আর বলার অপেক্ষা রাখে না।
উত্তর ২৪ পরগনার বনগাঁর একাধিক চালকল ও আটাকলে হানা দিয়েছে ইডি। শনিবার সকাল থেকেই শুরু হয়েছে এই তল্লাশি অভিযান। বনগাঁ, বারাসত ছাড়াও নদিয়া জেলায় এক অভিযান চলছে। চালকল, আটাকল মালিকদের বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইডির তদন্তকারীরা।

রাধাকৃষ্ণ চালকল ও রাধাকৃষ্ণ আটাকলে তল্লাশি অভিযান চলছে। তাদের মালিকদের বাড়িতেও অভিযান হচ্ছে। এই খবর লেখা পর্যন্ত সব কটি জায়গাতেই ইডির অফিসাররা অভিযান চালাচ্ছে। শুধু তাই নয়, একাধিক গুরুত্বপূর্ণ নথি, কাগজপত্র পাওয়া গিয়েছে। সেইসব নথি আধিকারিকরা বাজেয়াপ্ত করবেন। এই কথাও শোনা গিয়েছে।
রেশন বণ্টন দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার। ইডির জালে গ্রেফতার বাকিবুর রহমানও। একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। রেশনের চাল, আটা অন্য জায়গায় পাচার হয়ে যেত। কম দামে বাইরে থেকে চাল কেনা হত। এছাড়াও ভুয়ো রেশন কার্ডে প্রচুর পরিমাণ রেশন দীর্ঘদিন ধরে তোলা হয়েছে। মারাত্মক সব অভিযোগ রয়েছে।
একা বাকিবুর রহমান এই কাজ করবেন? এটা মনে করছেন না ইডির তদন্তকারীরা৷ আরও অনেক ব্যবসায়ী এই বিপুল পরিমাণ দুর্নীতিতে সামিল থাকবেন। এই দুর্নীতির জাল কেবল কি এই দুটো জেলায়? না কি আরও জেলায় ছড়িয়ে আছে? এইসব প্রশ্ন নিয়েও কাঁটাছেড়া চলছে।
চালকল ও আটকলের মালিক মন্টু সাহা ও কালীদাস সাহার বাড়িতেও অভিযান চলছে। একাধিক রেশন ডিলারও এই দুর্নীতিতে জড়িয়ে। মনে করছেন তদন্তকারীরা৷ বাকিবুর রহমানকে চেনেন না। অনেক ব্যবসায়ী, রেশন ডিলারই এই কথা দাবি করেছেন। তাতেও অবাক হয়েছেন তদন্তকারীরা। এই দুই ব্যবসায়ী কি চেনেন বাকিবুরকে? জিজ্ঞাসাবাদ চলছে বলে খবর।












Click it and Unblock the Notifications