১২ ঘন্টার দীর্ঘ তল্লাশি, বরানগরের বিধায়কের বাড়ি ছাড়ল ইডি! কী কী জিনিস সঙ্গে নিয়ে গেল?
west Bengal Recruitment Scam: দীর্ঘ ১২ ঘন্টার তল্লাশি শেষ। বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি থেকে বের হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি এবং বিধায়কের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
তবে তৃণমূল বিধায়কের দাবি, কিছুই পাইনি ওরা। তবে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনও অন্যায় করেননি বলেও মন্তব্য করেন। তবে বিষয়টিতে তাঁর খারাপ লাগছে বলে মন্তব্য করেছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

পুর নিয়োগ দুর্নীতি তদন্তে আজ শুক্রবার সকাল থেকে তুঙ্গে ইডি তৎপরতা। সকালের আলো ফুটতেই বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় আধিকারিকরা। গোটা এলাকাকে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে মুড়ে ফেলা হয়।
এমনকি ঘিরে রাখা হয় তাপস রায়ের বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িটিও। সকাল থেকে প্রায় দীর্ঘ ১২ ঘন্টা ধরে চলে এই তল্লাশি অভিযান। আর এই দীর্ঘ তল্লাশিতে কিছুই তেমন পাওয়া যায়নি বলেই দাবি তৃণমূল বিধায়কের। তাঁর কথায়, কিছু নেই তো পাবে কি!'
ইডি বাড়ি ছাড়তেই সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই নেতা। তাঁর স্পষ্ট বার্তা, আমি নিজেও খুবই আশ্চর্য হয়েছি। বরাহনগর পুরসভার কোনও নিয়োগের সঙ্গে যুক্ত নই। এমনকি রাজনৈতিক জীবনে কোনও দুর্নীতির সঙ্গে আমি জড়িত ছিলাম না এবং জড়িত নই বলেও এদিন মন্তব্য করেন তাপস রায়। আগামীদিনে সব স্পষ্ট হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। আগামীদিনে তাঁকে তলব করা নিয়ে কিছু ইডি আধিকারিকরা জানাননি বলেই দাবি তৃণমূল নেতার।
অন্যদিকে যে সমস্ত নথি ইডি বাজেয়াপ্ত করেছে সে বিষয়ে বিধায়ক বলেন, জনপ্রতিনিধি হওয়ার জন্যে অনেকেই নিজের আপনজনদের জন্য অনুরোধ করেন। বায়োডেটা কিংবা নথি দিয়ে যায়, সেই সম্পর্কিত কিছু নথি ইডি নিয়ে গিয়েছে বলে দাবি। তাও সে অনেক পুরানো বলেই জানিয়েছেন। তবে বাড়িতে স্ত্রী-মেয়ে আছে। আর তা ভেবে খারাপ লাগছে বলেই মন্তব্য করেছেন বিধায়ক।
অন্যদিকে এই ঘটনা সম্পূর্ণ ভাবে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবেই দেখছে তৃণমূল। ইচ্ছাকৃত ভাবে হেনস্তা করা হচ্ছে। শুধু তাই নয়, রাজনৈতিক ভাবে পারছে না, ইডি-সিবিআইকে ময়দানে নামিয়ে এভাবে জমি খালি করার চেষ্টা বিজেপি করছে বলে দাবি কুণাল ঘোষ।
কিন্তু তা ব্যাথ হবে বলেও দাবি তাঁর। তবে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই তদন্ত বলে দাবি বিজেপি নেতার। শুভেন্দু অধিকারী বলেন, পুরসভায় নিয়োগ দুর্নীতিতে বেশ কিছু নাম সামনে এসেছে। আর সেই অনুযায়ী তদন্ত চলছে বলে দাবি বিজেপি নেতার।












Click it and Unblock the Notifications