West Bengal Ration Scam: রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল ইডি
West Bengal Ration Scam: রেশন দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়। টলিউড়ের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী চার জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে। ঠিক পরের দিন অর্থাৎ পাঁচজুন অভিনেত্রীকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। সল্টলেক সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।
ইতিমধ্যে ইডির নোটিশ অভিনেত্রীর (Rituparna Sengupta) কাছে পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি তিনি। রেশন দুর্নীতি কাণ্ডের (West Bengal Ration Scam) তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলায় ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে।

মূল অভিযুক্ত বাকিবুর রহমানকেও গ্রেফতার করা হয়েছে। আর এই তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এমনকি তদন্তে বারবার টলিউড়ের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম উঠে আসে। এমনকি বেশ কিছু তথ্যও এই বিষয়ে হাতে পেয়েছেন ইডির আধিকারিকরা।
এরপরেই ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, তাঁকে বেশ কিছু নথি নিয়ে আসার কথা হয়েছে। এমনকি অভিনেত্রীকে কোন কোন বিষয়ের উপর প্রশ্ন করা হবে তাও কার্যত চূড়ান্ত করে ফেলেছেন ইডির আধিকারিকরা। তবে অভিনেত্রী হাজিরা দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
লোকসভা নির্বাচন শেষ হলেই তদন্তে গতি বাড়বে। অপরাধের সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্যত সেটাই স্পষ্ট হচ্ছে। নির্বাচন কার্যত শেষের মুখে। চারজুন ফলাফল প্রকাশ হবে। আর তার আগে ফের একবার সক্রিয় ভূমিকায় কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা।
বুধবারই কয়লা পাচার কাণ্ডে তৃণমূল নেতা শওকত মোল্লাকে তলব করে সিবিআই। যদিও নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে তিনি হাজিরা দেননি। অন্যদিকে তৃণমূল কাউন্সিলার তথা বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজকে ফলাফল প্রকাশের দিনেই তলব করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হয়েছে। এরপরের দিন অর্থাৎ পাঁচ তারিখ রেশন দুর্নীতি মামলায় টলিউডের বিখ্যাত অভিনেত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।












Click it and Unblock the Notifications