I-PAC অফিসে ইডির হানা, প্রতীক জৈনের বাড়িতে হঠাৎ উপস্থিত মুখ্যমন্ত্রী, সবুজ ফাইলে কী আছে? শোরগোল বঙ্গে
আজ সকাল থেকেই রাজ্য রাজনীতিতে তোলপাড়। দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলার সূত্র ধরে I-PAC-এর কর্ণধার প্রতীক জৈনের অফিস এবং লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় ইডি। তল্লাশি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা। আর ঠিক তার পরেই ঘটে এক নজিরবিহীন ঘটনা।

ইডি আধিকারিকরা যখন প্রতীক জৈনের বাড়ির ভিতরে নথিপত্র খতিয়ে দেখছেন, ঠিক সেই সময় আচমকাই সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন। তড়িঘড়ি করে বাড়ির ভিতরে ঢুকে পড়েন তিনি। রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির সময় মুখ্যমন্ত্রীর সরাসরি ঘটনাস্থলে পৌঁছনোর ঘটনা এই রাজ্যে আগে কখনও দেখা যায়নি।
প্রায় ১৫ মিনিট ধরে প্রতীক জৈনের বাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। ঢোকার সময় তাঁর হাতে কিছুই ছিল না। কিন্তু বেরোনোর সময় তাঁর হাতে দেখা যায় একটি সবুজ ফাইল। সেই ফাইলে ঠিক কী রয়েছে, তা নিয়ে এবার শুরু হয়েছে জল্পনা।
বাড়ি থেকে বেরোনোর পর মুখ্যমন্ত্রী স্পষ্টতই ক্ষুব্ধ ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন যে, ইডি আসলে তাঁর দলের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে চাইছিল। মমতার দাবি যে, প্রতীক জৈন দলের আইটি এবং পরিকল্পনার সঙ্গে যুক্ত। তাঁর বাড়ি থেকে হার্ডডিস্ক, প্রার্থীদের তালিকা, দলের কৌশল এবং স্ট্র্যাটেজি সংগ্রহ করার চেষ্টা করা হয়েছে।
কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন যে, "এটাই কী অমিত শাহের কাজ? যারা দেশ রক্ষা করতে পারে না, তারা আমার দলের অফিসে ইডি পাঠাচ্ছে।"
তাঁর আরও অভিযোগ যে, একদিকে ভোটার তালিকা সংশোধনের নামে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, অন্যদিকে আর এইভাবে তল্লাশি চালিয়ে দলের পরিকল্পনা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও জানান যে, প্রতীক জৈন তাঁর দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাই দলের স্বার্থে তিনি সব নথি এবং হার্ডডিস্ক নিজের কাছে নিয়ে এসেছেন বলেও দাবি করেন।
এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কেন্দ্র এবং রাজ্যের সংঘাত আরও তীব্র হবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।












Click it and Unblock the Notifications