কেন্দ্রের মদতে পিসি- ভাইপোর দালালি করছে ইডি, আক্রমণ সুজনের
সিজিও কমপ্লেক্স অভিযানে পথে নামল সিপিএম। সিজিও কমপ্লেক্সে ঘেরাওয়ের ডাক আগেই দেওয়া হয়েছিল। ইডি অফিসের সামনেই মঞ্চ বেঁধে সভা করলেন সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিমরা। রাজ্য দুর্নীতির আতুড়ঘরে পরিণত হয়েছে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এত অভিযোগ। কিন্তু ইডি সেই অর্থে কোনও তদন্তই করছে না। এই অভিযোগ আরও একবার তোলা হল।
ফের পথে নামল সিপিএম। এবার খোদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেই সোচ্চার সিপিএম নেতৃত্ব। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে কয়লা - গোরুপাচার মামলা, পুর নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বাংলার শাসক দলের নেতারা। ইডি ও সিবিআই তদন্ত করছে সব কটি মামলারই। কিন্তু সঠিক লক্ষ্যে আর তারা পৌঁছাচ্ছে না বলে অভিযোগ।

ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও সঠিক তথ্যতালাশ করছে না। লিপস এন্ড বাউন্ডস সংস্থার তথ্য পাওয়ার ক্ষেত্রে ইডি আধিকারিকরা গরিমসি করছেন। সঠিক পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে না। এই অভিযোগ খোদ কলকাতা হাইকোর্ট করেছে। বিচারপতি অমৃতা সিনহা ইডির আধিকারিকদের উপর ক্ষোভপ্রকাশও করেছেন। আর সেই বক্তব্যকে সামনে রেখেই ময়দানে নামল বঙ্গ সিপিএম।
বৃহস্পতিবার দুপুরে এই বিধাননগরের সিজিও কমপ্লেক্সে ঘেরাও কর্মসূচি চলে। দুটি দিক দিয়ে সিপিএমের এই মিছিল আসে। রাজ্যের বিভিন্ন দুর্নীতির তদন্তে গড়িমসির অভিযোগ তোলা হয়। এই সিজিও কমপ্লেক্স অভিযান কর্মসূচিতে সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা অংশ নিয়েছেন। সুজন চক্রবর্তীর কথায়, ওরা দালালি করছে। কোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে। তারপরেও পিসি ভাইপোর দালালি করা হচ্ছে।
তিনি আরও বলেন, কেন্দ্রের শাসক দল বিজেপির নির্দেশেই পিসি, ভাইপোকে সাহায্য করা হচ্ছে। আসলে ইডি, সিবিআই যে অপদার্থ, সেটা প্রমাণ করে দিল। সিপিএম নেতা মহম্মদ সেলিমও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে রাজ্য সরকারের সেটিং আছে। সে কারণেই এই রাজ্যে সঠিকভাবে কোনও তদন্ত হচ্ছে না। এই অভিযোগ সেলিমের কথায়। তিনি সংবাদমাধ্যমকে খোঁচা দিতেও ছাড়েননি।
বৃহস্পতিবার সিপিএমের একটি মিছিল শুরু হয় হাডকো মোড় থেকে। অপর মিছিলটি আসে সল্টলেক ফুটব্রিজ থেকে। প্রচুর সংখ্যক সিপিএম সমর্থক এই দুটি মিছিলে পা মেলান। সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে কিছুটা দূরেই তৈরি ছিল মঞ্চ। সেখানেই সভা হয়। গোটা এলাকায় প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়ন ছিল। নিরাপত্তার কড়াকড়িও ছিল যথেষ্ট। তবে এদিন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।












Click it and Unblock the Notifications