I-PAC কাণ্ডে নয়া মোড়! সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের ইডির, নাম রয়েছে মমতার, আর কাদের নাম?
এবার আইপ্যাক সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে দু'টি মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ ইডির তরফে সরাসরি একটি মামলা করা হয়েছে। সেই সঙ্গে ইডির তিন আধিকারিক- নিশান্ত কুমার, প্রশান্ত চান্ডিলা ও বিক্রম অহলওয়াত আলাদা করে মামলা করেছেন।

এই দুই মামলাতেই অভিযুক্ত তালিকায় রাজ্য সরকার ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজকুমার বর্মা, ডিসি প্রিয়ব্রত রায় এবং সিবিআইকে রাখা হয়েছে।
ইতিমধ্যেই ইডি এই সংক্রান্ত একটি মামলা কলকাতা হাই কোর্টে করেছে। আপাতত সেই মামলার শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। রাজ্যের আশঙ্কা ছিল যে, ইডি বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে। আর সেই কারণে আগেভাগেই রাজ্য সরকার শীর্ষ আদালতে ক্যাভিয়েট জমা দিয়েছে, যাতে একতরফা শুনানি না হয়।
উল্লেখ্য, আইপ্যাক-কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাই কোর্টে আবেদন করেছিল ইডি। তবে গত শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে অতিরিক্ত ভিড়ের কারণে শুনানি শুরু করা যায়নি।
এই মামলার সূত্র আবার কয়লাকাণ্ডের তদন্তেও গিয়ে ঠেকেছে। গত বৃহস্পতিবার ইডি তল্লাশি চালায় আইপ্যাক কর্তা প্রতীকের বাড়ি এবং সংস্থার অফিসে। ইডির দাবি যে, ২০২০ সালের কয়লা পাচার মামলার তদন্তে প্রায় ২,৭৪২ কোটি টাকার আর্থিক লেনদেনের খোঁজ পাওয়া গিয়েছে। আর সেই টাকার একাংশ হাওয়ালার মাধ্যমে আইপ্যাকের কাজে ব্যবহার করা হয়েছে বলেই অভিযোগ।
ইডির আরও দাবি করে যে, তল্লাশির সময় রাজ্য পুলিশ বাধা দেওয়ার কারণে তদন্ত ব্যাহত হয়। ডিজিটাল ডিভাইস এবং গুরুত্বপূর্ণ নথি জোর করে নিয়ে যাওয়া হয়। আর সেই কারণে ফরেনসিক প্রক্রিয়া মাঝপথে বন্ধ হয়ে যায়। এই অভিযোগকেই কেন্দ্র করেই এবার আইনি লড়াই আরও জোরালো হল।












Click it and Unblock the Notifications