ED Arrests MPS Directors: চিটফান্ড তদন্তে সক্রিয়তা বাড়াল ইডি, এমপিএসের দুই কর্তা গ্রেফতার, প্রতারিতরা আশায়
ED Arrests MPS Directors: পশ্চিমবঙ্গে সারদা, রোজভ্যালি-র পাশাপাশি আরও বেশ কয়েকটি সংস্থা পঞ্জি স্কিমের মাধ্যমে টাকা তুলে প্রতারণায় অভিযুক্ত। তার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।
এই তদন্তে এবার গতি বাড়ার ইঙ্গিত। এমপিএস গ্রিনারি ডেভেলপার্স লিমিটেডের দুই ডিরেক্টরকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আজ ইডি-র এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডল থেকে টুইটে এই গ্রেফতারির খবর জানানো হয়েছে। সাধারণ মানুষকে বিভিন্ন রকম সুবিধার লোভ দেখিয়ে পঞ্জি স্কিমের মাধ্যমে অর্থ সংগ্রহ করার পর অন্তত ১৭৮৬ কোটি টাকা অন্যত্র সরানোর অভিযোগ রয়েছে সংস্থাটির বিরুদ্ধে। তদন্ত চালাতে গিয়ে গ্রেফতার করা হয়েছে সংস্থার ডিরেক্টর প্রবীর কুমার চন্দ ও প্রণব কুমার দাসকে।
কলকাতার প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট কোর্টে ধৃতদের তোলা হলে ১ সেপ্টেম্বর অবধি তাঁদের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গিয়েছে, এই সংস্থা ১৯৯৯-২০০০ অর্থবর্ষ থেকে ২০১৩-২০১৪ অর্থবর্ষ পর্যন্ত ২,৬৮২ কোটি টাকা তুলেছিল বিভিন্নভাবে জালিয়াতির লক্ষ্য নিয়ে। বেআইনিভাবে অর্থ লগ্নি করানোর পাশাপাশি এই সংস্থা বাগান, সেগুন গাছ ইত্যাদির বন্ড বিক্রি করে টাকা তুলেছে।
আরবিআই ও সেবির নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে এই সংস্থা কাজ চালাত, কত পরিমাণ অর্থ আদায় বাজার থেকে তুলেছে এ সব তথ্যই ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে চাইবেন তদন্তকারীরা। টাকা কোথায় কোন খাতে সরানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে জিজ্ঞাসাবাদ চালানো হবে।

তদন্তকারীরা জানতে পেরেছেন, এই সংস্থাটি নিয়ন্ত্রণ করতেন সিএমডি প্রমথনাথ মান্না, প্রবীর কুমার চন্দ, প্রণব কুমার দাস ও তাঁদের সহযোগীরা। ইডি-র দাবি, জনগণের টাকা এই সংস্থা তাদেরই ভুয়ো বিভিন্ন সংস্থায় সরিয়েছে। এরপর সেই অ্যাকাউন্টগুলি থেকে টাকা তুলে নেওয়া হয়েছে, তৃতীয় পক্ষের কোনও অ্যাকাউন্টেও পাঠানো হয়েছে।
এমনকী সংস্থার ডিরেক্টরদের নামে বা তাঁদের আত্মীয়দের নামে বিভিন্ন সম্পত্তি ক্রয় করা হয়েছে জনগণের টাকা সরিয়ে,এমনও জানতে পেরেছেন তদন্তকারীরা। এর আগে বিভিন্ন বেআইনি অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের। অনেকে জেল খেটেছেন। এমপিএসের দুই কর্তার গ্রেফতারিতে আরও কোনও প্রভাবশালী যোগ বেরিয়ে আসে কিনা সেটাই দেখার।
এমপিএস চিটফান্ড কর্তা প্রমথনাথ মান্না আট বছর কারাবাসের পর গত বছর ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন। তাঁর সঙ্গে অনেক বাম নেতার সুসম্পর্ক থাকার অভিযোগ উঠেছিল।












Click it and Unblock the Notifications