সাগরদিঘির পরে ফের এক উপনির্বাচন পশ্চিমবঙ্গে! বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের
ফের এক উপনির্বাচনের মুখে পশ্চিমবঙ্গ। সামনের মাসের শুরুর দিকেই সেই নির্বাচন হতে চলেছে। এই বছরের শুরুর দিকে সাগরদিঘির উপনির্বাচনের সাক্ষী থেকেছে বঙ্গবাসী। যেখানে বিরোধী জোটের প্রার্থী জয়লাভের পরেও তৃণমূলে যোগ দিয়েছিলেন।
ভারতের নির্বাচন কমিশনের তরফে এদিন জারি করা এক বিজ্ঞপ্তিতে সারা দেশের ছটি রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে নির্বাচনের জন্য সেইসব কেন্দ্রে আদর্শ আচরণবিধিও জারি করার কথাও বলা হয়েছে।

যে সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তার মধ্যে রয়েছে ঝাড়খণ্ডের ডুমরি, কেরলের পুথুপল্লি, ত্রিপুরার বক্সানগর ও ধনপুর, পশ্চিমবহঙ্গের ধূপগুড়ি, উত্তর প্রদেশের ঘোসি এবং উত্তরাখণ্ডের বাগেশ্বর।
সবকটি কেন্দ্রে নির্বাচনের জন্য গেজেট নোটিফিকেশন করা হবে ১০ অগাস্ট। মনোনয়ন জমার শেষ দিন ১৭ অগাস্ট, মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে ১৮ অগাস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২১ অগাস্ট।
ধূপগুড়ি-সহ বাকি কেন্দ্রগুলিতে ভোট নেওয়া হবে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার। ভোটগণনা করা হবে ৮ সেপ্টেম্বর শুক্রবার। ১০ সেপ্টেম্বরের মধ্যে পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গের ধূপগুড়ি আসনটি শূন্য হয়েছে বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে। ২৫ জুলাই এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ২৩ জুলাই কিড স্ট্রিটের এমএলএ হস্টেলে ওঠেন তিনি। সেদিনই অসুস্থ হয়ে পড়ায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়।
বিষ্ণুপদ রায় ধূপগুড়়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। ২০২১-এর নির্বাচনে প্রথমবার জয়ী হন বিষ্ণুপদ রায়। তিনি হারান নিকটতম তৃণমূলের মিতালি রায়কে।












Click it and Unblock the Notifications