রাজ্যর কাছে যোগ্য IPS-IAS-র তালিকা চাইল কমিশন, ফের প্রশাসনিক স্তরে রদবদলের জল্পনা!
কলকাতা, ২০ এপ্রিল : সম্ভভত ফের রাজ্যের পুলিশ-প্রশাসনে রদবদল করতে চলেছে নির্বাচন কমিশন। আর সেই কারণেই রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপার হতে পারেন এমন কয়েকজনের তালিকা রাজ্যের কাছে চেয়ে পাঠাল কমিশন। কমিশনকে ইতিমধ্যে জবাবও পাঠিয়ে দেওয়া নবান্ন থেকে।
নবান্ন সূত্রের খবর কমিশন যে তালিকা রাজ্যের কাছে চেয়েছে তার জবাবে ১২ জন আইএএস ও আইপিএস-এ নাম পাঠিয়েছে রাজ্য। এদের মধ্যে ৬ জন আইপিএস-এর নাম রয়েছে, ৬ জন আইএএস-এর নাম রয়েছে।[পক্ষপাতের অভিযোগে বীরভূমের এসপি ও তিন থানার ওসিকে সরাল কমিশন]

রাজ্যের কাছে কমিশনের এই তালিকা চাওয়ার ঘটনায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তবে কি ফের প্রশাসনিক স্তরে কোনও রদবদল করতে চাইছে কমিশন, এই প্রশ্নই এখন নবান্নের অন্দরে ঘোরাফেরা করছে।
এর আগে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে সরানো হয় ভারতী ঘোষকে। কলকাতার কমিশনার পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে আনা হয় সৌমেন মিত্রকে। বীরভূমের পুলিশ সুপার মুকেশ কুমার ও জেলার বোলপুর, ময়ূরেশ্বর ও লাভপুরের তিন থানা ওসিকে সরানো হয় কমিশনের নির্দেশে। এছাড়াও গতকালই অপসারণ করা হয় মুর্শিদাবাদের ডোমকল থানার আইসি নিহাররঞ্জন রায় এবং শান্তিপুর থানার ওসি পার্খ রায়কেও।
এঁদের সবার বিরুদ্ধেই রাজ্য প্রশাসনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিল বিরোধীরা। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া বজায় রাখতে এইসব রদবদলগুলির সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। রাজ্যের কাছে নামের তালিকা চেয়ে ফের আরও একবার প্রশাসনিক স্তরেই রদবদলের ইঙ্গিত দিচ্ছে প্রশাসন।












Click it and Unblock the Notifications