বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু, জেলাশাসকদের নিয়ে ইভিএম সংক্রান্ত উচ্চ পর্যায়ের কর্মশালা নির্বাচন কমিশনের
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল। এর অংশ হিসেবে শুক্রবার একটি উচ্চ-পর্যায়ের কর্মশালা আয়োজন করে নির্বাচন কমিশন।
এই কর্মশালায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ফার্স্ট লেভেল চেকিং (FLC) নিয়ে আলোচনা করা হয়।

এতে ২৪ জন জেলাশাসক এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই অধিবেশনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের ঊর্ধ্বতন আধিকারিকরা বক্তব্য পেশ করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, এটি ছিল একটি কর্মশালা যেখানে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ইভিএম-এর FLC-এর বিস্তারিত পদ্ধতি সম্পর্কে জেলাশাসকদের অবহিত করা হয়েছে। ভবিষ্যতে আরও এমন পরীক্ষা করা হবে।
এদিনের আলোচনায় ব্যালট ইউনিট (BU), কন্ট্রোল ইউনিট (CU) এবং VVPAT মেশিনের ফিজিক্যাল টেস্টিং-এর বিষয়গুলি অন্তর্ভুক্ত ছিল। কার্যকারিতা পরীক্ষা, মক পোল, ত্রুটিপূর্ণ মেশিন ব্যবস্থাপনা এবং স্ট্রং রুমে সংরক্ষণের প্রোটোকল ইত্যাদি বিষয়গুলোও বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
নির্বাচন কমিশন স্বচ্ছতা নিশ্চিত করতে এবং কারচুপির অভিযোগ এড়াতে জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) বিশেষ নির্দেশ দিয়েছে। FLC প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণ তদারকি করতে বলা হয়েছে তাঁদের।
নির্বাচনের কয়েক দিন আগে নিজ নিজ জেলায় রাজনৈতিক দলগুলোকে ইভিএম এবং সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে অবহিত করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই সপ্তাহে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল রাজ্যে ছিল ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ পর্যালোচনা করতে। এরপর সেই দলে থাকা আধিকারিকরা কর্মশালার জন্য কলকাতায় ফিরে আসেন।












Click it and Unblock the Notifications