দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়ার ধর্ষণের ঘটনায় গ্রেফতার বেড়ে ৪, আরও এক অভিযুক্তের খোঁজে পুলিশ
দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় দুর্গাপুর পুরনিগমের একজন অস্থায়ী কর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে মোট চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হল।
রবিবার তিনজনকে আদালতে তোলা হয়েছিল। এরপর রাতেই আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সেই ব্যক্তি দুর্গাপুর পুরনিগমের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। এদিন সোমবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হবে।

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত একজন অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় গ্রেফতার হওয়া সকলের ডিএনএ পরীক্ষা করা হবে।
অভিযোগকারী তরুণীর বন্ধু ও সহপাঠীকে এখনও আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। নিগৃহীতার অভিযোগপত্রে মোট পাঁচজনের নাম ছিল। যার মধ্যে চারজনকে গ্রেফতার করা গিয়েছে।
দুর্গাপুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ওড়িশা থেকে তার বাবা-মাও দুর্গাপুরে এসে রয়েছেন। রবিবারই নিগৃহীতার বাবা অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গে তারা সুরক্ষিত নন। মেয়েকে নিয়ে ওড়িশায় ফিরে যেতে চান। সেজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদনও করেন তিনি।
ওদিকে রবিবার উত্তরবঙ্গ যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর ঘটনা নিয়ে মন্তব্য করেন। তিনি এই ঘটনাকে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করে বলেন, বেসরকারি কলেজ কর্তৃপক্ষের আরও সতর্ক থাকা উচিত ছিল। তিনি বাইরে থেকে পড়তে আসা শিক্ষার্থীদের, বিশেষ করে মেয়েদের, রাতে ক্যাম্পাসের বাইরে না বেরনোর পরামর্শ দেন। বিজেপি সব বিরোধীরা এই মন্তব্য নিয়ে কড়া সমালোচনা করলে তৃণমূল জানিয়েছে, দলনেত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।












Click it and Unblock the Notifications