তিনিও মেয়ের বাবা, এবার আর দুর্গাপুজোর উদ্বোধন করবেন না সুকান্ত মজুমদার
একাধিক বারোয়ারি দুর্গাপুজোর উদ্বোধন করার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। কিন্তু তিনি সেই পুজো উদ্বোধন এবার আর করবেন না। তাঁর মন ভারাক্রান্ত। জয়নগরের ঘটনায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার সকাল থেকেই জয়নগরের মহিষমারি এলাকায় উত্তেজনা চলছে। চতুর্থ শ্রেণির এক নাবালিকা ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ। গতকাল পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করতে যাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ ঘটনার কোনও গুরুত্ব দেয়নি। এমন অভিযোগ ওঠে। পরে নাবালিকার মৃতদেহ এলাকার একটি জলাভূমির কাছে পাওয়া যায়।

সুকান্ত মজুমদার সেই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। পুলিশ ও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তীব্র নিন্দা করেছেন তিনি। এবার পুজো উদ্বোধন না করার সিদ্ধান্ত নিলেন বিজেপির রাজ্য সভাপতি। এবার তিনি আর কোনও পুজো উদ্বোধন করবেন না। যে সব পুজো উদ্বোধনে যাওয়ার কথা ছিল, সেখানে তিনি যাবেন। কিন্তু উদ্বোধন এবার তিনি করবেন না।
আরজি কর কাণ্ড আগস্ট মাসে হয়ে গিয়েছে। সেই ঘটনায় অভয়া এখনও বিচার পাননি৷ ধর্ষক, খুনিদের শাস্তি এখনও হয়নি। তার মধ্যেই দেবীপক্ষ শুরু। সেই দেবীপক্ষের শুরুতেই জয়নগরের নারকীয় ঘটনা৷ তিনি নিজেও মেয়ের বাবা। এই ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। জানিয়েছেন সুকান্ত মজুমদার।
যে সরকার নারী সুরক্ষা দিতে পারে না, সেই সরকারকে দেবী দুর্গা যাতে শাস্তি দেন। সেই প্রার্থনা মণ্ডপে গিয়ে করবেন সুকান্ত মজুমদার। আগামী কাল তিনি জয়নগরেও যাবেন। এই ঘটনার বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত৷ এই কথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি।
নারী সুরক্ষার ক্ষেত্রে এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উচিত তাঁর পদ থেকে দ্রুত সরে যাওয়া৷ মহিলাদের যে সুরক্ষা দিতে পারেন না, তার মুখ্যমন্ত্রী থাকার অধিকার নেই৷ জোরালো মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার।












Click it and Unblock the Notifications